প্রয়াত আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ

আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ ৬৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে রাশিয়ার বিদেশ মন্ত্রক। তবে ঠিক কী কারণে বা কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে রুশ প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য জানানো হয়নি। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি মন্ত্রকের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে।
দীর্ঘ কর্মজীবনে দারচিয়েভ রাশিয়ার বিদেশনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ও কঠিন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। তাঁকে একজন অত্যন্ত দক্ষ পেশাদার এবং মার্কিন বিষয়ক প্রখর বিশেষজ্ঞ হিসেবে বর্ণনা করেছে রুশ বিদেশ মন্ত্রক। ২০২৫ সালের মার্চ মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছিলেন। এর আগে তিনি রুশ বিদেশ মন্ত্রকের নর্থ আটলান্টিক বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব সামলেছেন।
কূটনৈতিক মহলে দারচিয়েভ পশ্চিমি বিশ্বের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে রাশিয়ার কূটনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত রুশ কূটনীতিক ভিতালি চুরকিনেরও আকস্মিক মৃত্যু হয়েছিল, যা সেই সময় আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছিল।