স্ত্রীর ফোন চেক করে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহ, হাইকোর্টের রায়ে বড় বার্তা

স্ত্রীর ফোন চেক করে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহ, হাইকোর্টের রায়ে বড় বার্তা

স্ত্রীর ফোন ব্যবহারের ওপর ভিত্তি করে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলাকে লিঙ্গভিত্তিক প্রাচীন ধারণার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করল হাইকোর্ট। এক ব্যক্তির বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে আদালত জানিয়েছে, কোনো প্রমাণ ছাড়া স্ত্রীর বিরুদ্ধে এমন সন্দেহ পোষণ করা মানসিক নিষ্ঠুরতার শামিল। ২০১৫ সালে বিবাহিত দম্পতির মধ্যে বিবাদের জেরে স্বামী বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন। স্বামীর অভিযোগ ছিল, স্ত্রী অন্য পুরুষের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলতেন এবং তিনি স্বেচ্ছায় শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছেন।

অন্যদিকে, স্ত্রীর পাল্টা অভিযোগ ছিল যে, পণপ্রথার কারণে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। পারিবারিক আদালত এর আগে স্বামীর বিবাহবিচ্ছেদের আর্জি খারিজ করে দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে স্বামী হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট পর্যবেক্ষণ করেছে যে, স্বামীর আনা অভিযোগগুলো ভিত্তিহীন এবং তা কেবল লিঙ্গভিত্তিক কুসংস্কারের ওপর ভিত্তি করে তৈরি। এছাড়া স্বামীর পক্ষে সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের গ্রহণযোগ্যতা নিয়েও আদালত প্রশ্ন তুলেছে।

আদালত আরও লক্ষ্য করেছে যে, দম্পতির নাবালিকা সন্তান যে জবানবন্দি দিয়েছিল, তা মূলত বাবার শেখানো কথা ছিল। এছাড়া ২০১৫ সালের সমঝোতা অনুযায়ী স্ত্রী সংসার করতে চাইলেও স্বামীই তাতে রাজি হননি। ফলে স্ত্রীর বিরুদ্ধে বাড়ি ছেড়ে চলে যাওয়ার অভিযোগও ধোপে টেকেনি। সব দিক বিবেচনা করে উচ্চ আদালত স্বামীর বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে দিয়েছে এবং স্ত্রীর প্রতি এমন সন্দেহপ্রবণ মানসিকতাকে মানসিক নিষ্ঠুরতা হিসেবে চিহ্নিত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *