রাস্তা সংস্কারের দাবিতে বালুরঘাটে পথ অবরোধ, ভোগান্তির অভিযোগ বাসিন্দাদের
রাস্তার পাশে ‘পথশ্রী’ প্রকল্পের বোর্ড ঝুলছে, অথচ দু’বছর পেরিয়ে গেলেও রাস্তার অবস্থার কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ। পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত, সামান্য বৃষ্টিতেই জমছে হাঁটুজল। এই দুর্ভোগের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বালুরঘাট পুরসভার ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দা যুবশ্রী মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।
এই অবরোধের জেরে বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৪৫ মিনিট পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। তবে সাত দিনের মধ্যে কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। যুবশ্রী মোড় থেকে নামাবঙ্গী স্কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তার পিচ উঠে গিয়ে বালি-পাথর বেরিয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। অনেক সময় টোটো ও অটোচালকরাও ওই এলাকায় যেতে চাইছেন না।
বিক্ষোভকারী ভজনকুমার সাহা ও অবসরপ্রাপ্ত অধ্যাপক বন্দনা ঘোষের অভিযোগ, রাস্তা সংস্কার ও স্থায়ী নিকাশি ব্যবস্থার দাবিতে পুরসভা ও স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি। পুজোর আগে সংস্কারের আশ্বাস দেওয়া হলেও কাজ শুরু হয়নি। বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস পুরসভার চেয়ারপার্সন ও মহকুমা প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত রাস্তা ও নিকাশি নালা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ ওঠে।
পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা এই আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তাঁর কথায়, ওই রাস্তার জন্য ৬৭ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে এবং ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়েছে। স্থানীয়দের অনুরোধেই পুজোর ভিড় এড়াতে ভাইফোঁটার পর কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামনে পুর নির্বাচন থাকায় রাজনৈতিক ফায়দা লুটতেই এই আন্দোলন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।