ফাইল ফেলে রাখলেই কড়া ব্যবস্থা, নবান্নে ফিরছে ‘ডু ইট নাউ’ সংস্কৃতি

সরকারি দপ্তরে ফাইল ফেলে রাখার দীর্ঘদিনের অভ্যাস বদলাতে উদ্যোগী হলো রাজ্য সরকার। বুধবার নবান্নের তরফে মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি কাজে আর কোনো ঢিলেমি বরদাস্ত করা হবে না। প্রশাসনিক স্তরে ফেরানো হচ্ছে ‘ডু ইট নাউ’ সংস্কৃতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো কাজের দায়িত্ব দেওয়া হলে তা নির্দিষ্ট মেয়াদের মধ্যেই সম্পন্ন করতে হবে। ফাইল ফেলে রাখা বা কাজে বিলম্বের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রথম পর্যায়ে শোকজ করা হবে এবং এর জন্য সব দপ্তরের প্রধানকে পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। শোকজের জবাব দেওয়ার জন্য ১৫ দিন সময় পাবেন অভিযুক্তরা।
নির্ধারিত সময়ের মধ্যে জবাব না মিললে বা উত্তর সন্তোষজনক না হলে ২০১৩ সালের পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। নবান্নের নির্দেশিকা অনুযায়ী, প্রতি মাসের ১০ তারিখ আগের মাসের কাজের পর্যালোচনা করা হবে। সেখানে ডেডলাইন মিস করার বিষয়টি ধরা পড়লে সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কাজে গতি আনার ওপর বারবার জোর দিয়েছেন। প্রশাসনিক স্তরের এই গয়ংগচ্ছ মনোভাব কাটাতে অতীতেও বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এবার কড়া শাস্তির বিধান রেখে সেই লক্ষ্য পূরণে মরিয়া নবান্ন।