আমার ফোনে আড়ি পাতেন মোদী, প্রকাশ্যে বিতর্কের চ্যালেঞ্জ রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার তাঁর ফোনে আড়ি পাতছে এবং এই বিষয়টি প্রধানমন্ত্রীর অজানা নয়। কংগ্রেস নেতার দাবি, প্রধানমন্ত্রীর কাছে তাঁর ফোনে আড়ি পাতার ব্যবস্থা রয়েছে।

শুক্রবার সমাজমাধ্যমে কংগ্রেসের প্রকাশিত একটি ভিডিয়োয় রাহুলকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী বিষয়টি জানেন কারণ তিনি নিজেই ফোনে আড়ি পাতেন। রাহুলের হুঁশিয়ারি, মুখোমুখি বিতর্কে বসলেই প্রকাশ্যে আসবে কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছেন, কে দেশবিরোধী এবং কত দিন ধরে এই কাজ চলছে।

রাহুলের দাবি, প্রধানমন্ত্রী বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছেন কি না, তার প্রমাণ তাঁর নিজের ফোনেই রয়েছে। সেই প্রমাণ কী, তা মোদীও জানেন বলে কটাক্ষ করেছেন তিনি। রাহুল বলেন, তাঁর চ্যালেঞ্জ বহাল রয়েছে এবং তিনি যে কোনও সময়, যে কোনও জায়গায় প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্কে বসতে প্রস্তুত।

উল্লেখ্য, গত ৬ নভেম্বরও রাহুল গান্ধী প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান জানিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই চ্যালেঞ্জের জবাবে সংসদের ভিতরে বিষয়টি নিয়ে আলোচনার জন্য রাহুলকে পাল্টা আহ্বান জানিয়েছিলেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে বিজেপি ও বিরোধীদের সংঘাতের আবহে রাহুলের এই নতুন মন্তব্যে জাতীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *