ছটপুজোয় ডিজিটাল উদ্যোগ কলকাতা পুরনিগমের, কিউআর কোডেই মিলবে সব তথ্য

ছটপুজোয় ডিজিটাল উদ্যোগ কলকাতা পুরনিগমের, কিউআর কোডেই মিলবে সব তথ্য

আসন্ন ছটপুজোয় পুণ্যার্থীদের সুবিধার্থে অভিনব ডিজিটাল পরিষেবা চালু করল কলকাতা পুরনিগম। এবার একটি বিশেষ কিউআর কোড স্ক্যান করলেই ছট পুজোর আচার-অনুষ্ঠান সংক্রান্ত যাবতীয় তথ্য হাতের নাগালে পেয়ে যাবেন সাধারণ মানুষ। পুরনিগমের প্রচার মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এই কোডটি পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে কোন ঘাটে কী ধরনের সুযোগ-সুবিধা রয়েছে, সেখানে পৌঁছানোর উপায় এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বরসহ খুঁটিনাটি তথ্য এক ক্লিকেই জানা সম্ভব হবে।

পুরনিগম সূত্রে জানা গেছে, এবছর কলকাতা কর্পোরেশন ও কেএমডিএ এলাকার অধীনে মোট ১৬৩টি ঘাট প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে কেএমসি এলাকার ১২৪টি ঘাটের মধ্যে ৩০টি হুগলি নদীর তীরে, ২টি আদি গঙ্গার ধারে, ৮৬টি পুকুর বা জলাশয়ে এবং ৬টি কৃত্রিম জলাশয় রয়েছে। এছাড়া কেএমডিএ এলাকায় ১৫টি অস্থায়ী ও ২৪টি স্থায়ী ঘাট তৈরি করা হয়েছে। পুণ্যার্থীদের সুরক্ষায় ঘাট পরিষ্কার, রাস্তা মেরামত, পর্যাপ্ত আলো এবং মহিলাদের জন্য চেঞ্জিং রুমের মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উৎসবের দিনগুলিতে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। ১৫ ও ১৬ নভেম্বর ভোরে অতিরিক্ত জল সরবরাহ ও ট্যাঙ্কারের ব্যবস্থা থাকবে। দণ্ডি কাটার সুবিধার্থে রাস্তা ধুয়ে পরিষ্কার রাখা হবে। এছাড়া ৬টি প্রধান ঘাটে চিকিৎসক, অ্যাম্বুলেন্স ও ফার্স্ট-এইড পরিষেবার পাশাপাশি বায়ো-টয়লেট বসানো হয়েছে। নিরাপত্তার জন্য সিভিল ডিফেন্স ভলান্টিয়ার এবং নদীতে পেশাদার ডুবুরির ব্যবস্থাও করেছে বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগ, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *