হোয়াইট হাউসের কাছে বন্দুকবাজের হামলা, মৃত ১, আহত ৪

মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের অদূরে ১৫ নম্বর স্ট্রিট এবং পি স্ট্রিট এন ডব্লিউ এলাকায় ভয়াবহ বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও চারজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, এক বন্দুকবাজ প্রথমে একটি জিমে প্রবেশ করে এবং সেখানে এক সদস্যের পিঠে গুলি চালায়। এরপর সে বাইরে বেরিয়ে এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় এলাকায় একাধিকবার গুলির শব্দ শোনা যায়, যা সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। নিরাপত্তার খাতিরে ওই এলাকার স্কুলগুলিতে লকডাউন জারি করা হয় এবং সংলগ্ন একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলের কাছেই জিম, সেন্ট লুক এপিসকোপাল চার্চ এবং একাধিক আবাসন রয়েছে। পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
তদন্তে নেমেছে মার্কিন ফেডারেল ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (ATF)। নিরাপত্তা অভিযানে সহায়তার জন্য ঘটনাস্থলে বিশেষ এজেন্ট পাঠানো হয়েছে। হামলার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে এবং বন্দুকবাজের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে এবং অপরাধীকে ধরার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন।