শাশুড়ির অপমান থেকে মানসিক শান্তি পুনরুদ্ধারের ৩টি কার্যকরী কৌশল

বিয়ের পর একটি নতুন পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যে কোনো মেয়ের জন্যই বড় চ্যালেঞ্জ। শাশুড়ি ও বৌমার সম্পর্ককে সাধারণত ‘টক-মিষ্টি’ বলা হলেও, সব ক্ষেত্রে তা মধুর হয় না। অনেক সময় দেখা যায়, শাশুড়ির ক্রমাগত মানসিক অত্যাচার বা অপমান বৌমার জীবন দুর্বিষহ করে তুলছে। এমন পরিস্থিতিতে পাল্টা ঝগড়া না করে বুদ্ধিদীপ্ত উপায়ে মানসিক শান্তি বজায় রাখা জরুরি। রইল পরিস্থিতি সামলানোর ৩টি বিশেষ কৌশল।
তর্কে না জড়িয়ে ব্যক্তিগত সীমানা তৈরি করুন
শাশুড়ি বয়সে বড় এবং গুরুজন, তাই তাঁর সঙ্গে তর্কে জড়ানো অনেক সময় সমস্যার সমাধান না করে তিক্ততা আরও বাড়িয়ে দেয়। ছোটখাটো বিষয়ে উত্তর না দিয়ে চুপ থাকাই শ্রেয়। এতে আপনার মানসিক স্থিরতা বজায় থাকবে। তবে একই সঙ্গে একটি ‘বাউন্ডারি’ বা সীমানা তৈরি করা প্রয়োজন। আপনার ব্যক্তিগত জীবনে যাতে কেউ অযাচিত হস্তক্ষেপ করতে না পারে, সে বিষয়ে নম্র অথচ দৃঢ় অবস্থান নিন। আসাম্মানজনক আচরণের ক্ষেত্রে শান্তভাবে নিজের অবস্থান বুঝিয়ে দিন।
অতি ঘনিষ্ঠতার বদলে সুস্থ দূরত্ব বজায় রাখুন
সব শাশুড়িই খারাপ হন—এমন ধারণা পোষণ করা ভুল। তবে যদি দেখেন আপনার প্রচেষ্টা সত্ত্বেও সম্পর্ক বিষাক্ত হয়ে উঠছে, তবে কিছুটা দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। সব বিষয়ে খুব ঘনিষ্ঠ হতে যাওয়ার প্রয়োজন নেই। প্রয়োজনীয় কথা বলুন, সৌজন্য বজায় রাখুন এবং নিয়মিত যোগাযোগ রাখুন, কিন্তু ব্যক্তিগত আবেগ বা পরিকল্পনা শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন। সুস্থ দূরত্ব অনেক সময় সম্পর্কের টক্সিসিটি বা বিষাক্ত ভাব কমিয়ে দেয়।
তাঁকে বদলানোর চেষ্টা ছেড়ে নিজেকে সময় দিন
দীর্ঘদিনের লালিত স্বভাব বা চিন্তাধারা একজন মানুষের পক্ষে রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়। শাশুড়িকে তাঁর মতো করে মেনে নিয়ে তাঁকে পরিবর্তনের চেষ্টা ত্যাগ করুন। এই বৃথা চেষ্টা আপনার মানসিক ক্লান্তি বাড়াবে। তার চেয়ে সেই সময়টুকু নিজের উন্নতির পেছনে ব্যয় করুন। নিজের শখ, পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে ভাবুন। নেতিবাচক পরিবেশ থেকে মন সরিয়ে গঠনমূলক কাজে নিয়োজিত করলে মানসিক শান্তি ফিরে পাওয়া সহজ হবে।
জীবন আপনার, তাই পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ না থাকলেও নিজের মানসিক স্বাস্থ্যের ওপর নিয়ন্ত্রণ রাখা আপনারই দায়িত্ব। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রয়োজনে বিশেষজ্ঞ বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করতে দ্বিধা করবেন না।
প্রতিবেদক: বর্তমান ঠাকুর।