দিনে একবার সুগার মেপেই কি নিরাপদ থাকছেন? বড় ভুল করছেন না তো!

রক্তে শর্করার সঠিক মাত্রা ও পরিমাপের সতর্কতা: পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক: রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দিনের কোন সময়ে শর্করার মাত্রা কত থাকা স্বাভাবিক, সে বিষয়ে সঠিক ধারণা না থাকলে জটিলতা তৈরি হতে পারে। সাম্প্রতিক এক আলোচনায় ভারতের কলকাতার অভিজ্ঞ ডায়াবেটিস ও মেটাবলিজম বিশেষজ্ঞ ডা. আশিস মিত্র রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা ও তা পরিমাপের সঠিক নিয়মাবলি তুলে ধরেছেন।
পরীক্ষা ও স্বাভাবিক মাত্রা
ডা. মিত্রের তথ্যমতে, রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণে দুটি পরীক্ষা প্রধান:
১. ফাস্টিং ব্লাড সুগার (FPG): অন্তত আট ঘণ্টা না খেয়ে খালি পেটে এই পরীক্ষা করতে হয়। এক্ষেত্রে ১১০-এর নিচে থাকলে তা স্বাভাবিক, ১১০-১২৫ হলে প্রি-ডায়াবেটিস এবং ১২৬ বা তার বেশি হলে তা ডায়াবেটিস হিসেবে গণ্য হয়।
২. পোস্ট-প্র্যান্ডিয়াল ব্লাড সুগার (PP): খাবার খাওয়ার দুই ঘণ্টা পর এই পরীক্ষা করা হয়। এটি ১৪০-এর নিচে থাকা স্বাভাবিক। ১৪০ থেকে ১৯৯ হলে প্রি-ডায়াবেটিস এবং ২০০-এর বেশি হলে ডায়াবেটিসের সংকেত।
এছাড়া গত তিন মাসের গড়ের জন্য HbA1c পরীক্ষার প্রয়োজন হয়। এর মাত্রা ৫.৭ শতাংশ পর্যন্ত স্বাভাবিক, ৫.৭ থেকে ৬.৪ শতাংশ প্রি-ডায়াবেটিস এবং ৬.৫ শতাংশ বা তার বেশি হলে ডায়াবেটিস ধরা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, খালি পেটে সুগার ৯০-১১০ এবং খাবার খাওয়ার পর ১৪০-১৬০-এর মধ্যে রাখার চেষ্টা করা শ্রেয়।
সুগার পরিমাপের ক্ষেত্রে ভুল ধারণা
অনেকেই মনে করেন, প্রতিদিন একবার গ্লুকোমিটারে সুগার মেপে স্বাভাবিক ফলাফল পেলেই রোগ নিয়ন্ত্রণে আছে। কিন্তু ডা. মিত্র এই ধারণাকে ভুল বলে অভিহিত করেছেন। তিনি জানান, নির্দিষ্ট এক বেলার পরীক্ষায় দিনের সামগ্রিক চিত্র পাওয়া যায় না। অনেক সময় প্রাতরাশ বা রাতের খাবারের পর শর্করার মাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পেলেও তা অজানাই থেকে যায়। তাই সঠিক চিত্র পেতে দিনের বিভিন্ন সময়ে ঘুরিয়ে-ফিরিয়ে সুগার পরিমাপের পরামর্শ দিয়েছেন তিনি।
হাইপোগ্লাইসেমিয়া ঝুঁকি
শুধু সুগার বেড়ে যাওয়া নয়, রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত কমে যাওয়া বা ‘হাইপোগ্লাইসেমিয়া’ নিয়েও সতর্ক করেছেন ডা. আশিস মিত্র। রক্তে শর্করা ৭০-এর নিচে নেমে গেলে তা বিপজ্জনক হতে পারে। তাই সুগারের মাত্রা সর্বদা ৮০-এর উপরে রাখার ওপর জোর দিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।