বছর শেষের আগেই ফের বড় ছাঁটাই, এআই-এর দোহাই দিয়ে চাকরি খোয়াচ্ছেন বহু ভারতীয়!

কর্মী ছাঁটাইয়ের পথে প্রযুক্তি সংস্থা ‘সার্ভিসনাউ’, উদ্বেগে কর্মীরা
নিজস্ব প্রতিবেদন: বছর শেষের আগেই ফের বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা ‘সার্ভিসনাউ’। সংস্থার এই সিদ্ধান্তে ভারতীয় কর্মীসহ ব্রিটেন ও আমেরিকার বহু কর্মীর চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কত সংখ্যক কর্মী ছাঁটাই হতে চলেছেন, সে বিষয়ে সংস্থাটি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) ছাঁটাই ভাতা ও আনুষঙ্গিক খরচ বাবদ ব্যয় হয়েছে ৮.৭০ কোটি মার্কিন ডলার। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৬.৭০ কোটি ডলারে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। উল্লেখ্য, গত বছরের একই সময়ে এই খাতে ব্যয়ের পরিমাণ ছিল ৫.৩০ কোটি ডলার।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুলাই মাসেও সংস্থাটি বড় ধরনের কর্মী ছাঁটাই করেছিল, যার প্রভাব পড়েছিল মূলত ইজরায়েলের কর্মীদের ওপর। দ্বিতীয় দফায় এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হওয়ায় কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি মার্কিন এই সংস্থার শেয়ারের দরে ৩০ শতাংশ পতন দেখা দিয়েছে, যা এই সিদ্ধান্তের অন্যতম নেপথ্য কারণ বলে মনে করা হচ্ছে।
এদিকে, বর্তমান বৈশ্বিক প্রযুক্তি বাজারে কৃত্রিম মেধা বা এআই (Artificial Intelligence)-এর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সংস্থাটি তাদের কাজের কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে। ‘সার্ভিসনাউ’ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখন শুধুমাত্র এআই প্রযুক্তিতে দক্ষ কর্মীদেরই নিয়োগের ওপর জোর দিচ্ছে। ২০২৬ সালের শেষ নাগাদ এই নতুন নিয়োগ ও দক্ষতা বৃদ্ধির কর্মসূচি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।