হাসপাতালে ডিউটি বিক্রির রমরমা বাণিজ্য, রোগীদের জীবন নিয়ে এ কেমন ভয়ঙ্কর খেলা!

হাসপাতালে ডিউটি বিক্রির রমরমা বাণিজ্য, রোগীদের জীবন নিয়ে এ কেমন ভয়ঙ্কর খেলা!

 

সরকারি মেডিকেল কলেজে ‘প্রক্সি’ ইন্টার্ন আতঙ্ক: টাকার বিনিময়ে দায়িত্ব হাতবদল, কঠোর পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের

নিজস্ব প্রতিবেদক: রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের দায়িত্ব পালনে বড়সড় অনিয়মের অভিযোগ উঠেছে। নিজেদের নির্ধারিত ডিউটি এড়াতে টাকার বিনিময়ে ডেন্টাল কলেজের শিক্ষার্থী কিংবা চিকিৎসকের বাইরে অন্য ব্যক্তিদের দায়িত্ব পালনের জন্য নিয়োগ করার প্রবণতা প্রকাশ্যে এসেছে। এই ঘটনার জেরে রোগীদের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

একটি বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে, ‘ইন্টার্নশিপ রিপ্লেসমেন্ট’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই অবৈধ নেটওয়ার্কটি পরিচালিত হচ্ছে। যেখানে ২৫৫ জনেরও বেশি সদস্য যুক্ত রয়েছে। এই চক্রের মাধ্যমে প্রতি ঘণ্টা ডিউটির জন্য ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক দিয়ে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে।

সম্প্রতি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায় স্বয়ং লক্ষ্য করেন যে, একজন এমবিবিএস ইন্টার্নের নির্ধারিত দায়িত্বে রয়েছেন অন্য এক ডেন্টাল কলেজের ইন্টার্ন। বিষয়টি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। অভিযোগ, এমবিবিএস ইন্টার্নরা মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা সরকারি উপবৃত্তি পাওয়ার পরেও প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি বা ব্যক্তিগত কারণে দায়িত্ব এড়াচ্ছেন এবং অবৈধভাবে ‘প্রক্সি’ প্রার্থীকে ডিউটিতে বসাচ্ছেন।

চিকিৎসক মহলের মতে, চিকিৎসা বিজ্ঞানে হাতে-কলমে শেখাই ইন্টার্নশিপের মূল উদ্দেশ্য। সেখানে টাকার বিনিময়ে অন্যকে বসিয়ে দেওয়া কেবল বেআইনিই নয়, বরং এটি রোগীদের জীবনের সঙ্গে চূড়ান্ত ঝুঁকি নেওয়ার সামিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য স্বাস্থ্য দপ্তর অবিলম্বে সব সরকারি মেডিকেল কলেজে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য দপ্তরের সাফ বক্তব্য, রোগীর সুরক্ষার সঙ্গে কোনো আপস করা হবে না। সংশ্লিষ্ট মহলের ধারণা, বায়োমেট্রিক পদ্ধতি কার্যকর হলে এই অনৈতিক নেটওয়ার্কের শিকড় উপড়ে ফেলা সম্ভব হবে এবং হাসপাতালের স্বাস্থ্য পরিষেবায় শৃঙ্খলা ফিরে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *