ভাইফোঁটায় তাক লাগানো মিষ্টির ডালি, স্বাদ ও সাজে মাতোয়ারা শহর!

ভাইফোঁটায় তাক লাগানো মিষ্টির ডালি, স্বাদ ও সাজে মাতোয়ারা শহর!

 

ভাইফোঁটায় মিষ্টির বাজারে অভিনবত্বের ছোঁয়া: সেজে উঠছে নামী মিষ্টান্ন বিপণিগুলো

নিজস্ব প্রতিবেদন: ভাইফোঁটা মানেই ভাই-বোনের ভালোবাসার অটুট বন্ধন আর মিষ্টিমুখের উৎসব। উৎসবের দিনটিতে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মিষ্টির ছবি আপলোড করার প্রবণতা এখন তুঙ্গে। তাই ক্রেতাদের নজর কাড়তে কলকাতার নামী মিষ্টির দোকানগুলো এবার প্রথাগত স্বাদের পাশাপাশি নজর দিয়েছে মিষ্টির ‘দর্শনধারী’ সাজসজ্জায়।

রাজ্যের ঐতিহ্যবাহী মিষ্টির দোকান ‘গাঙ্গুরাম’-এ এবারও নরম ও কড়াপাকের সংমিশ্রণে তৈরি মিষ্টির রমরমা। ভাইফোঁটা উপলক্ষে বিশেষ ছাপ দেওয়া বড় সন্দেশের চাহিদা সব শোরুমেই তুঙ্গে। এখানকার কর্তা রাহুল চৌরাসিয়া জানান, ভাইফোঁটায় সন্দেশের আকার বড় করার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইন্দ্রানী সন্দেশ ও ভাপা দইয়ের চাহিদাও তুঙ্গে।

সৃজনশীলতার ছাপ দেখা যাচ্ছে দেশপ্রিয় সুইটসে। এখানকার কর্ণধার সমীর ঘোষ জানিয়েছেন, ভাইফোঁটার জন্য বিশেষভাবে আনা হয়েছে ২৫০ টাকা দামের ‘জাম্বো জলভরা’। দোকানের নতুন প্রজন্মের তুষার ঘোষের কথায়, “ভাইফোঁটার মিষ্টি এখন শুধু খাওয়ার জন্য নয়, ইনস্টাগ্রামে ছবি দেওয়ার জন্যও। তাই মিষ্টি হতে হচ্ছে আকর্ষণীয়।” তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে তাঁরা তৈরি করেছেন ‘ককটেল সন্দেশ’ (গ্লাসে তিন রকমের সন্দেশ), চেরি ব্লসম সন্দেশ ও ডাব সন্দেশ। এছাড়া খাঁটি কমলালেবুর নির্যাস দিয়ে তৈরি মিষ্টিও রাখা হয়েছে।

শহরের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান ‘সতীশ ময়রা’ এবারও ঐতিহ্য বজায় রেখেছে তাদের বিখ্যাত ‘ক্ষীরের পুতুল’ দিয়ে। বছরে মাত্র একবারই পাওয়া যায় হাতি, হাঁস, মাছ, আম কিংবা কমলালেবুর আকৃতির এই মিষ্টি। কর্ণধার সম্রাটকুমার দাস জানান, ১৫ টাকা দামের এই পুতুল মিষ্টির চাহিদা তুঙ্গে। পাশাপাশি ভাইফোঁটা স্পেশাল খাজা, লবঙ্গ লতিকা, ক্ষীরের চপ এবং গুড়ের পুর ভরা তালশাঁস সন্দেশের জোগানও থাকছে। নতুন প্রজন্মের জন্য রাখা হয়েছে চকোলেট মুজ, গুড়ের সুফলের মতো আধুনিক পদ। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ১৫০ বা ২৫০ টাকায় সাজিয়ে দেওয়া হচ্ছে বিশেষ থালিও।

অন্য দিকে, হাওড়ার ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডারে ফলের স্বাদ ও মিষ্টির মেলবন্ধন ঘটেছে। কর্ণধার সৈকত পাল জানান, তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে কফি বেকড ও চিজ বেকড রসগোল্লা আনা হয়েছে। সেই সঙ্গে ম্যাঙ্গো জিলেটো রসগোল্লা, লিচু ভাপা সন্দেশ, আতার ক্ষীরমালাই, ব্লু-বেরি সন্দেশ এবং মতিচুর স্টাফড ল্যাংচার মতো অভিনব সব মিষ্টি পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে।

সব মিলিয়ে ভাইফোঁটায় মিষ্টির বাজারে স্বাদ এবং চেহারার যুগলবন্দি এবার ক্রেতাদের বিশেষ তৃপ্তি দেবে বলেই মনে করছেন বিক্রেতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *