দেড় কোটি টাকার হাসপাতাল বিল মেটাতে নারাজ স্বামী, চার বছর হাসপাতালে স্ত্রীকে ফেলে রাখলেন স্বামী

কলকাতার ইএম বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে দীর্ঘ সাড়ে চার বছর ধরে চিকিৎসাধীন এক মহিলাকে নিয়ে চাঞ্চল্যকর মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। দুর্ঘটনায় জখম হওয়ার পর থেকে হাসপাতালে থাকলেও প্রায় দেড় কোটি টাকার বিল বকেয়া রেখে স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি তাঁর স্বামী। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিচারপতি কৃষ্ণ রাও প্রশ্ন তোলেন, স্বামী হিসেবে ওই ব্যক্তি নিজের দায়িত্ব পালন করেছেন কি না। বর্তমানে বাকশক্তিহীন ওই মহিলা হুইলচেয়ারে চলাফেরা করতে পারেন এবং অন্যের সাহায্যে খাবার খেতে সক্ষম বলে আদালতকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের পক্ষ থেকে রোগীকে সরকারি হাসপাতালে স্থানান্তরের আবেদন জানানো হলে আদালত বিশেষ নির্দেশ জারি করেছে। বিচারপতি নির্দেশ দিয়েছেন যে কলকাতা মেডিক্যাল কলেজের সুপার একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করবেন, যিনি ওই মহিলার শারীরিক অবস্থা খতিয়ে দেখে দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবেন। বকেয়া বিল এবং রোগীর ভবিষ্যৎ নির্ধারণে আগামী ৩০ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মানসিকভাবে স্থিতিশীল থাকা সত্ত্বেও কেন তাঁকে এতদিন হাসপাতালে ফেলে রাখা হলো, তা নিয়ে আইনি মহলে শোরগোল পড়ে গিয়েছে।