হেলমেট নেই কেন প্রশ্ন করতেই থানার ভেতর ‘দেবীর ভর’, মহিলার কাণ্ড দেখে তাজ্জব পুলিশ

মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ভিতরওয়ার এলাকায় হেলমেটহীন এক বাইক আরোহীকে আটকানোই যেন কাল হলো পুলিশের। ট্রাফিক আইন ভঙ্গের দায়ে পুলিশ যখন দম্পতির বাইকটি আটক করে থানায় নিয়ে যায়, ঠিক তখনই নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। চালকের স্ত্রী আচমকা দাবি করেন যে তাঁর ওপর ‘দেবীর ভর’ হয়েছে। এরপরই থানার ভেতরেই তিনি অদ্ভুতভাবে নাচতে শুরু করেন, যা দেখে কর্তব্যরত পুলিশকর্মীরা রীতিমতো হকচকিয়ে যান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবং মহিলার ‘অস্বাভাবিক’ আচরণ থামাতে শেষ পর্যন্ত চালান না কেটেই তাঁদের ছেড়ে দেয় পুলিশ। এমনকি এক পুলিশকর্মী পকেট থেকে ৫০ টাকা বের করে ওই মহিলার হাতে দিয়ে তাঁকে শান্ত করার চেষ্টা করেন। কোনো আইনি ব্যবস্থা বা জরিমানা ছাড়াই দম্পতিকে সসম্মানে বিদায় জানানোর এই ঘটনাটি এখন সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।