ঘোর অরণ্যে ঘুমোলেই মিলবে হাজার হাজার টাকা, এই আজব প্রতিযোগিতায় মাতলেন ঘুমকাতুরেরা

চিনের সাংহাইয়ের চংমিং দ্বীপে বিশ্ব ঘুম দিবস উপলক্ষে আয়োজিত হয়েছে এক অভিনব ‘ফরেস্ট স্লিপ চ্যালেঞ্জ’। দংপিং ন্যাশনাল ফরেস্ট পার্কের প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন প্রায় ৫০ জন প্রতিযোগী। অংশগ্রহণকারীদের শরীরে বিশেষ সেন্সর লাগানো থাকছে, যা তাদের হৃদস্পন্দন এবং ঘুমের গভীরতা পরিমাপ করছে। সবচেয়ে ভালো ও গভীর ঘুমে আচ্ছন্ন হতে পারা বিজয়ীর জন্য রয়েছে ৩০০০ ইউয়ান বা প্রায় ৩৫ হাজার টাকার আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও দ্রুত ঘুমিয়ে পড়ার জন্য থাকছে ২০০০ ইউয়ানের বিশেষ ইনাম।
এই প্রতিযোগিতার নিয়ম অত্যন্ত কড়া, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে বিছানা ছাড়া সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলেও প্রতিযোগীরা বাতিল বলে গণ্য হবেন। মোবাইল ফোন বা ইলেকট্রনিক যন্ত্র ব্যবহারের অনুমতি নেই এবং শরীরকে বিছানার নির্দিষ্ট সীমানার মধ্যেই রাখতে হবে। উদ্যোক্তাদের মতে, ব্যস্ত শহরের ক্লান্তি দূর করে প্রকৃতির কোলে মানসিক প্রশান্তি ফেরানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগামী ২৬ এপ্রিল এবং মে মাসের শুরুতেও এই প্রতিযোগিতা চলবে, যা নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।