নবম শ্রেণির পরীক্ষায় দারুণ সাফল্য, ছেলেকে ২.৩০ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন ব্যবসায়ী বাবা!

নবম শ্রেণির পরীক্ষায় দারুণ সাফল্য, ছেলেকে ২.৩০ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন ব্যবসায়ী বাবা!

 

পরীক্ষায় ভালো ফলের পুরস্কার: ছেলেকে ২ কোটি ৩০ লক্ষ টাকার বিএমডব্লিউ উপহার ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক, পূর্ব বর্ধমান: নবম শ্রেণির ষান্মাসিক পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করার পুরস্কার হিসেবে ছেলেকে ২ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিলেন পূর্ব বর্ধমানের গলসির পারাজের বাসিন্দা ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যা।

জানা গিয়েছে, সামসুদ্দিন মিদ্যার ছেলে মহম্মদ তালহা বর্ধমানের রেনেসাঁ উপনগরীর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। সদ্য প্রকাশিত ষান্মাসিক পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়ে মেধার পরিচয় দিয়েছে সে। ছেলের এই সাফল্যের পাশাপাশি দীর্ঘদিনের শখ পূরণ করতেই সামসুদ্দিন মুম্বই থেকে আমদানি করেছেন হালকা সবুজ রঙের এই গাড়িটি। ট্রাকে করে গাড়িটি সম্প্রতি বর্ধমানে আনা হয়েছে।

ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যার চাল রফতানির বড় ব্যবসা রয়েছে। পশ্চিম এশিয়া ও ভিয়েতনামে চাল রফতানি করেন তিনি এবং তাঁর তিনটি চালের কল রয়েছে। গাড়িপ্রেমী হিসেবে এলাকায় পরিচিত সামসুদ্দিনের ব্যক্তিগত সংগ্রহে আগেই রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার ও হন্ডাই আলকাজ়ারের মতো একাধিক বিলাসবহুল গাড়ি। তাঁর বেশ কিছু গাড়ির নম্বরের শেষে ‘৫৫৫’ সংখ্যাটি থাকে, যা তাঁর পছন্দের বিষয়।

এদিকে, বাবার কাছ থেকে এমন মহার্ঘ উপহার পেয়ে খুশি তালহা। তবে আপাতত পড়াশোনায় মনোযোগ দিতেই সে আগ্রহী। তালহা জানিয়েছে, তার বয়স আঠারো হয়নি, তাই সে এখনই গাড়ি চালাতে চায় না। সপ্তাহে একদিন বাবার সঙ্গে এই গাড়িতে ঘুরতে যাবে সে এবং আপাতত বাবা গাড়িটি চালাবেন, সে পাশে বসে থাকবে। পড়াশোনা শেষ করাই এখন তার মূল লক্ষ্য বলে জানিয়েছে কিশোর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *