মরণপণ লড়াইয়ে আকাশপথে গুজরাতের ভানতারায় পৌঁছাল অসুস্থ হাতি শাবক মায়া!

উন্নত চিকিৎসার জন্য জামনগরের ভানতারায় স্থানান্তরিত অনাথ হস্তিশাবক ‘মায়া’
নিজস্ব প্রতিবেদন, জামনগর: জীবন-মৃত্যুর লড়াইয়ে থাকা ‘মায়া’ নামের এক হস্তিশাবককে উন্নত চিকিৎসার জন্য কেরল থেকে জামনগরের ভানতরায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ভানতারার অত্যাধুনিক পশু হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রেখে তার চিকিৎসা শুরু হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ১৯ এপ্রিল। কেরলের মালায়াত্তুরের কাপরিক্কড় এলাকায় নদীর পাড়ে সদ্যোজাত মায়াকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে বন বিভাগ। হাতির পাল নদী পার হয়ে গেলেও মা হাতিটি ফিরে না আসায় দীর্ঘ এক বছর বনকর্মীদের পরম যত্নে বড় হয়ে ওঠে মায়া।
তবে গত ২ জুলাই খেলার সময় পড়ে গিয়ে মায়ার ডান কাঁধে গুরুতর চোট লাগে। দীর্ঘ ফিজিওথেরাপি ও বিশেষ পুষ্টির ব্যবস্থা করা হলেও তার হাড়ের আঘাত সারেনি। অক্টোবর মাসের শেষ দিকে পরিস্থিতির অবনতি ঘটে; নিজের শরীরের ভারে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলে সে। পুকোড়ের ‘কলেজ অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস’-এর চিকিৎসকরা জানান, মায়ার শরীরে একাধিক হাড় ভেঙেছে, হাড় অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে এবং দীর্ঘক্ষণ শুয়ে থাকায় শরীরে ঘা তৈরি হয়েছে।
এই অবস্থায় কেরলের চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন ড. পি. পুগাজেন্দি এবং বিশিষ্ট পশুচিকিৎসক ডা. যদুরাজ খাড়পেকর ও ড. কুশল কোঙার শর্মার সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের মেডিক্যাল বোর্ড মায়াকে ভানতরায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। লাইফ সাপোর্ট ও জরুরি চিকিৎসা সরঞ্জামসহ বিশেষ বিমানে তিন জন পশুচিকিৎসক ও পরিচর্যাকারীদের তত্ত্বাবধানে তাকে জামনগরে নিয়ে আসা হয়।
বর্তমানে ভানতারার আধুনিক চিকিৎসা পরিকাঠামোয় মায়ার পেইন ম্যানেজমেন্ট ও জরুরি পরীক্ষা-নিরীক্ষা চলছে। শারীরিক অবস্থা এখনও অস্থির হলেও, ভানতারার উন্নত চিকিৎসায় মায়া দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশাবাদী চিকিৎসকরা।