মাত্র ৫ টাকায় চিকেন-ভাত! শান্তিপুরের এই ক্যান্টিন দেখে অবাক সবাই!

শান্তিপুরে মাত্র পাঁচ টাকায় মিলছে মাংস-ভাত, খুশি সাধারণ মানুষ
শান্তিপুর: মাত্র পাঁচ টাকার বিনিময়ে দুস্থ ও খেটে খাওয়া মানুষের পাতে তুলে দেওয়া হচ্ছে গরম ভাত ও মাংস। শান্তিপুর পুরসভার ‘মা আহার’ ক্যান্টিনের এই অভিনব উদ্যোগে হাসি ফুটেছে এলাকার সাধারণ মানুষের মুখে।
২০২১ সাল থেকে শান্তিপুর পুরসভার সহায়তায় স্থানীয় একটি স্বনির্ভর গোষ্ঠী এই ক্যান্টিনটি পরিচালনা করছে। এতদিন এখানে নিয়মিত মেনুতে ডাল, ভাত ও নিরামিষ তরকারির পাশাপাশি সোম ও শুক্রবার মাছ এবং বুধ ও শনিবার ডিমের ব্যবস্থা থাকত। তবে নিয়মিত উপভোক্তাদের দীর্ঘদিনের দাবি ছিল মেনুতে মাংস অন্তর্ভুক্ত করার। দুর্গাপূজার সময় সেই দাবি পূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, ছুটির পর থেকেই নতুন মেনু কার্যকর করা হয়েছে।
ক্যান্টিন পরিচালনাকারী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা মায়া দাস জানান, প্রতিদিন গড়ে প্রায় ১১০টি মিল পরিবেশন করা হয়। তিনি বলেন, “আমরা এই কাজের মাধ্যমে লাভের মুখ দেখার চেয়ে প্রান্তিক মানুষের সেবা করাকেই বড় দায়িত্ব বলে মনে করি।”
পাউরুটি বা সাধারণ খাবারের পরিবর্তে পাঁচ টাকায় এমন পুষ্টিকর ও সুস্বাদু খাবার পেয়ে আপ্লুত স্থানীয়রা। নিয়মিত গ্রাহক চন্দনা বিশ্বাস কর্মকার জানান, ঝড়-বৃষ্টি কিংবা তীব্র গরম—সব পরিস্থিতিতেই এই ক্যান্টিন তাঁদের বড় ভরসার জায়গা। অপর এক উপভোক্তা অঞ্জনা কেরামণি বলেন, “বর্তমান বাজারের যা পরিস্থিতি, তাতে পাঁচ টাকায় এমন পেটভরা আহার পাওয়া স্বপ্নের মতো। আজ মাংস-ভাত পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।”
সরকারি এই উদ্যোগ ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সেবামূলক মানসিকতায় এলাকায় স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে।