গরুর গাড়িতে ২১ ফুটের বিশালাকার মূর্তি! মেদিনীপুরের ‘মোটা কালী’ পুজো ঘিরে কেন এত উন্মাদনা?
ঐতিহ্য মেনে গরুর গাড়িতেই বিসর্জন, মেদিনীপুরের ‘মোটা কালী’ দর্শনে ভিড়
মেদিনীপুর: যুগের পরিবর্তন হলেও মেদিনীপুরের মানিকপুরের ভাতৃ সংঘের পুজোর ঐতিহ্য আজও অটুট। প্রতি বছরের মতো এবারও বিশালাকার প্রতিমা নিরঞ্জনের জন্য কোনো আধুনিক যানবাহনের তোয়াক্কা না করে সুসজ্জিত গরুর গাড়িতে করেই সম্পন্ন হবে বিসর্জন। এই অনন্য রীতি দেখতেই প্রতিবার ভিড় জমান অগুনতি মানুষ।
পুজো কমিটি সূত্রে জানা যায়, একসময় এই ভাতৃ সংঘ শরীরচর্চার ক্লাব হিসেবে পরিচিত ছিল। ক্লাবের সদস্যদের শরীরচর্চার ঐতিহ্যের সঙ্গে মিল রেখে দেবী মূর্তিকে সুঠাম ও পেশীবহুল অবয়বে তৈরি করার প্রথা শুরু হয়। সেই ধারা বজায় রেখেই আজও প্রতিমার গঠন একই রকম রাখা হয়েছে। প্রায় ২১ ফুট উচ্চতার এই প্রতিমার শারীরিক গড়ন সাধারণ কালী মূর্তির থেকে অনেকটাই আলাদা। বেশ স্বাস্থ্যবান ও বিশালকায় হওয়ার কারণে ভক্তদের মুখে মুখে দেবী ‘মোটা কালী’ বা ‘গদা কালী’ নামে পরিচিত হয়ে উঠেছেন।
প্রতিমার আকার ও ওজন অত্যধিক হওয়ায় মণ্ডপে আনা কিংবা বিসর্জনের সময় তা ওঠানো-নামানো বেশ কষ্টসাধ্য। এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবেই গোড়া থেকেই গরুর গাড়ির কাঠামোর ওপর মূর্তি তৈরির নিয়ম চালু হয়। পুজোর দিনগুলিতে মানিকপুরের রাস্তার পাশে সেই সুসজ্জিত গাড়িতেই অধিষ্ঠিত থাকেন দেবী। বিসর্জনের সময়ও আলাদা কোনো ট্রাকে তোলার ঝক্কি ছাড়াই সেই গাড়িটি টেনেহিঁচড়েই ঘাটে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। প্রথা মেনে গরুর গাড়িতেই দেবীর নিরঞ্জন দেখতে মানিকপুরের রাস্তায় এখন কৌতূহলী মানুষের ভিড় বাড়ছে। অভিনব এই রীতিকে ঘিরে স্থানীয়দের মধ্যে তুঙ্গে উঠেছে উৎসবের আমেজ।