অগ্নিমূল্যের বাজারে মাত্র ৫ টাকায় চিকেন-ভাত! শান্তিপুরের এই উদ্যোগে চমকে উঠছে সবাই।

পাঁচ টাকার বিনিময়ে মাংস-ভাত, শান্তিপুর পুরসভার ‘মা আহার’ ক্যান্টিনে খুশি সাধারণ মানুষ
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর: নামমাত্র মূল্যে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে শান্তিপুর পুরসভার উদ্যোগে পরিচালিত ‘মা আহার’ ক্যান্টিন এবার উপভোক্তাদের পাতে তুলে দিল মাংস-ভাত। এতদিন এই ক্যান্টিনে মাছ, ডিম ও নিরামিষ খাবারের ব্যবস্থা থাকলেও, সাধারণ মানুষের দীর্ঘদিনের অনুরোধ মেনে এদিন মেনুতে যোগ করা হলো মাংস। মাত্র পাঁচ টাকার বিনিময়ে এমন রাজকীয় আহার পেয়ে আপ্লুত এলাকার দুস্থ ও খেটে খাওয়া মানুষ।
২০২১ সাল থেকে এই ক্যান্টিনটি স্থানীয় একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিষ্ঠার সঙ্গে পরিচালনা করে আসছেন। গোষ্ঠীর সদস্যা মায়া দাস জানান, সপ্তাহের রুটিন অনুযায়ী সোম ও শুক্রবার মাছ, বুধ ও শনিবার ডিম এবং বাকি তিন দিন নিরামিষ ডাল-তরকারি পরিবেশন করা হয়। তবে দুর্গাপূজার সময় থেকেই নিয়মিত উপভোক্তারা মাংসের দাবি জানিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই ছুটি শেষে এদিন বিশেষ মেনুর আয়োজন করা হয়।
ক্যান্টিন সূত্রে জানা গেছে, প্রতিদিন এখানে গড়ে প্রায় ১১০টি মিল তৈরি করা হয়। অনেক উপভোক্তা নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য খাবার বাড়ি নিয়ে যান। আর্থিক লাভের চেয়ে মানুষের সেবাকেই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে।
এদিনের আয়োজনে খুশি স্থানীয় বাসিন্দা চন্দনা বিশ্বাস কর্মকার বলেন, “ঝড়-বৃষ্টি কিংবা গ্রীষ্ম—সব ঋতুতেই এই ক্যান্টিনের ওপর আমরা ভরসা করি। আজ মাংস পেয়ে আনন্দ দ্বিগুণ হয়েছে।” অপর এক গ্রাহক অঞ্জনা কেরামণি বলেন, “বর্তমান বাজারে পাঁচ টাকায় এমন খাবার আমাদের মতো সাধারণ পরিবারের কাছে আশীর্বাদস্বরূপ।” শান্তিপুর পুরসভার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা।