মাত্র ১০ টাকায় এগরোল-চাওমিন! এই বৃদ্ধার দোকানে সন্ধে হলেই উপচে পড়ে ভিড়

মাত্র ১০ টাকায় এগরোল-চাওমিন! এই বৃদ্ধার দোকানে সন্ধে হলেই উপচে পড়ে ভিড়

 

স্বাবলম্বী হওয়ার লড়াই: মালদহে ১০ টাকায় খাবার বিক্রি করে নজির বৃদ্ধ দম্পতির

মালদহ: জীবনসংগ্রামের কঠিন বাস্তবতাকে সঙ্গী করেও সততা ও পরিশ্রমে দৃষ্টান্ত গড়েছেন মালদহ শহরের বাসিন্দা ছায়াদেবী। গত ১৭ বছর ধরে ইংলিশবাজার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বুড়াবুড়িতলার দুর্গামণ্ডপের সামনে অত্যন্ত কম মূল্যে খাবার বিক্রি করে চলেছেন তিনি। তাঁর এই উদ্যোগ কেবল সাধারণ মানুষের সাধ্যের মধ্যে খাবারই পৌঁছে দিচ্ছে না, বরং স্বাবলম্বী হওয়ার এক অদম্য মানসিকতার পরিচয় দিচ্ছে।

জানা গেছে, বিগত ১৭ বছর আগে মাত্র ৫ টাকা দরে এগরোল ও চাওমিন বিক্রি শুরু করেছিলেন ছায়াদেবী। সময়ের সঙ্গে বাজারদরের পরিবর্তন হলেও সাধারণ মানুষের কথা ভেবে তিনি খুব বেশি মূল্য বাড়াননি। বর্তমানে গত সাত বছর ধরে ১০ টাকা থেকে শুরু করে বিভিন্ন পদের খাবার বিক্রি করছেন তিনি। ১০ টাকার এগরোলের পাশাপাশি ১০ থেকে ৬০ টাকা প্লেটের চাওমিন ও পাস্তা তাঁর দোকানের প্রধান আকর্ষণ।

ছায়াদেবী জানান, লাভের পরিমাণ খুব সামান্যই। প্রতি প্লেট খাবারে ১০ থেকে ২৫ পয়সা লাভ রেখে তিনি ব্যবসা চালান। প্রতিদিন সব মিলিয়ে ৫০০ থেকে ১০০০ টাকা আয় হয় তাঁর।

তবে এই কর্মব্যস্ত জীবনের আড়ালে লুকিয়ে আছে এক গভীর পারিবারিক যন্ত্রণা। ছায়াদেবীর দুই ছেলে থাকা সত্ত্বেও বিয়ের পর থেকে তাঁরা বাবা-মায়ের সঙ্গে থাকেন না এবং বৃদ্ধ বয়সে তাঁদের কোনো দায়িত্বও নেন না। বাধ্য হয়ে বার্ধক্যে পৌঁছেও নিজেদের আহার ও জীবনযাত্রার প্রয়োজনে কঠোর পরিশ্রম করে চলেছেন এই দম্পতি। ছায়াদেবীর স্বামীও সংসার চালাতে রথবাড়ি এলাকায় একটি ছোট চায়ের দোকান চালান।

ছেলেরা পাশে না দাঁড়ালেও অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের সততা ও কর্মস্পৃহায় মাথা উঁচু করে বেঁচে রয়েছেন এই বৃদ্ধ দম্পতি। অভাবী মানুষের মুখে সস্তায় খাবার তুলে দেওয়ার পাশাপাশি ছায়াদেবীর এই লড়াই এখন স্থানীয় বাসিন্দাদের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *