কিউট কালী থেকে দশভুজা, উলুবেড়িয়ার মণ্ডপে মণ্ডপে দেবীর সাজ সাজ রব!

কালীপুজো ঘিরে উৎসবের আমেজ: বিভিন্ন মণ্ডপে নানা আয়োজন
নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া: কালীপুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতেছে উলুবেড়িয়া ও সংলগ্ন এলাকা। বিভিন্ন পুজো মণ্ডপে প্রতিমার রূপসজ্জা থেকে শুরু করে নানা সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে।
জামবেড়িয়া বড়মা সেবাদল ও ভক্তবৃন্দের পুজো এবার চতুর্থ বর্ষে পদার্পণ করল। এবারেও তাদের মূল আকর্ষণ বড় মায়ের আদলে তৈরি বিশেষ প্রতিমা। অন্যদিকে, ২৭ বছরে পা দিল জামবেড়িয়া অ্যাকশন কমিটির পুজো। তাদের মণ্ডপে এবারে কিউট কালী মায়ের মূর্তি দর্শকদের নজর কাড়ছে। উৎসবের আমেজের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করেছে এই কমিটি।
উলুবেড়িয়ার নোনা অ্যাথলেটিক ক্লাবের পুজো এবছর ৫০তম বর্ষে বা সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করেছে। তাদের এবারের বিশেষ আকর্ষণ সুদৃশ্য দশভুজা কালী মূর্তি। পুজোকে কেন্দ্র করে এই ক্লাবটিও বেশ কিছু বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় সামলাতে ও সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে উদ্যোক্তারা সবরকম প্রস্তুতি গ্রহণ করেছেন।