দীপান্বিতা অমাবস্যায় সাক্ষাৎ মা কালী শ্রীরামকৃষ্ণ, ভক্তদের বিস্ময়কর সেই অভিজ্ঞতা!

শ্যামপুকুরের সেই ঐতিহাসিক কালীপুজো: শ্রীরামকৃষ্ণের দিব্যলীলায় আজও উদ্ভাসিত ভক্তকুল
কলকাতা: অসুস্থ শ্রীরামকৃষ্ণদেবকে ঘিরে শ্যামপুকুরের সেই ঐতিহাসিক বাড়িতে অনুষ্ঠিত কালীপুজোর স্মৃতি আজও ভক্তদের কাছে এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতার আকর। প্রতি বছরের মতো এবারও সেই বিশেষ তিথিতে শ্যামপুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণদেবের পটে ধুমধাম করে পালিত হলো কালীপুজো।
ইতিহাস অনুযায়ী, অসুস্থ শ্রীরামকৃষ্ণদেবকে দেখতে প্রতিদিন বিকেলে ভক্তরা এই বাড়িতে ভিড় করতেন। এক কালীপুজোর দিন সকালে তিনি ভক্তদের পুজোর আয়োজন করতে বলেন। সেই অনুযায়ী মাস্টারমশাই মহেন্দ্র গুপ্ত ঠনঠনিয়ার কালীবাড়িতে ডাব ও চিনি পাঠিয়ে পুজোর ব্যবস্থা করেন। সন্ধ্যায় যখন ভক্তরা সমবেত হন, তখন তাঁরা দেখেন শ্রীরামকৃষ্ণদেব একটি ছোট খাটে বসে আছেন, যার দুপাশে জ্বলছে মোম। ঘরে ধূপ-ধুনোর গন্ধে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে।
পুজোর কোনো মূর্তি না থাকায় উপস্থিত ভক্তরা কিঞ্চিৎ বিভ্রান্ত ছিলেন। তবে শ্রীরামকৃষ্ণদেব সকাল থেকেই ছিলেন দিব্য আনন্দে মগ্ন। কপালে চন্দনের ফোঁটা এবং শুদ্ধ বস্ত্র পরিহিত অবস্থায় তিনি বারবার ভাবসমাধিতে লীন হচ্ছিলেন। ভক্তদের তিনি ধ্যান করতে বলেন। গিরিশচন্দ্র ঘোষ এগিয়ে গিয়ে পুষ্পপত্রে রাখা ফুল-চন্দন দিয়ে ঠাকুরের চরণে অঞ্জলি দিলে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। অঞ্জলি গ্রহণ করার সঙ্গে সঙ্গে ঠাকুর খাট থেকে নেমে দাঁড়িয়ে পড়েন এবং সমাধিস্থ হন। তাঁর দেহে ফুটে ওঠে এক দিব্য জ্যোতি, দুহাতের আঙুল বিশেষ মুদ্রায় বিন্যস্ত হয়।
সেই বিশেষ মুহূর্তে উপস্থিত মাস্টার, রাখাল, শরৎ, লাটু, কালীপদ, রামচন্দ্র, অক্ষয়কুমার সেন ও নিরঞ্জন একে একে শ্রীরামকৃষ্ণের চরণে অঞ্জলি দেন। ‘জয় মা’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা ঘর। প্রত্যক্ষদর্শী অক্ষয়কুমার সেন তাঁর ‘শ্রীশ্রীরামকৃষ্ণ পুঁথি’-তে এই ঘটনার বর্ণনা দিয়ে লিখেছেন, শ্রীরামকৃষ্ণের ভিতরেই ভক্তরা সেদিন মা কালীকে দর্শন করেছিলেন। বিশেষ উল্লেখ্য যে, গলায় তীব্র ব্যথার কারণে শ্রীরামকৃষ্ণদেব দীর্ঘ সময় কোনো কঠিন খাবার গ্রহণ করতে পারছিলেন না, অথচ সেদিন তিনি অবলীলায় লুচি ও সুজির পায়েস গ্রহণ করেছিলেন।
শ্রীরামকৃষ্ণের এই দিব্যলীলা ‘বরাভয়লীলা’ হিসেবে ভক্তসমাজে পরিচিত। সেই থেকে প্রতি বছর শ্যামপুকুরের ওই বাড়িতে সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণদেবের পটে কালীপুজোর আয়োজন করা হয়। আজও সেই স্মৃতিকে পাথেয় করে অগণিত ভক্ত সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এই পুজোর অনুষ্ঠানে অর্ঘ্য নিবেদন করেন।