কালীপুজোয় ভিড় সামলাতে অভিনব পদক্ষেপ, ভোরবেলায় বন্ধ থাকবে টাকি রোডের বড় মণ্ডপগুলো!

কালীপুজোয় ভিড় সামলাতে অভিনব পদক্ষেপ, ভোরবেলায় বন্ধ থাকবে টাকি রোডের বড় মণ্ডপগুলো!

 

কালীপুজোয় ভিড় সামলাতে বারাসত ও মধ্যমগ্রামে কড়া যান নিয়ন্ত্রণ পুলিশের

নিজস্ব প্রতিবেদন, বারাসত: কালীপুজোয় দর্শনার্থীদের ভিড় ও যানজট সামাল দিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করল বারাসত পুলিশ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ সচল রাখতে এবং প্যান্ডেল হপিং নির্বিঘ্ন করতে বুধবার পর্যন্ত ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত টাকি রোডে প্রতিমা দর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেগঙ্গা ও বসিরহাট থেকে প্রতিদিন সবজি ও দুধের গাড়ি টাকি রোড দিয়ে কলকাতায় যাতায়াত করে। পুজোমণ্ডপের ভিড়ে যাতে এই জরুরি পণ্য পরিবহণ ব্যাহত না হয়, সেই কারণেই এই তিন ঘণ্টা সময়সীমা সাধারণ দর্শনার্থীদের জন্য বিধিনিষেধ জারি করা হয়েছে।

পাশাপাশি, আগামী ১১ নভেম্বর পর্যন্ত দুপুর ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ১১২ নম্বর জাতীয় সড়ক ও টাকি রোডে জরুরি পরিষেবা ছাড়া সমস্ত যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা থেকে উত্তরবঙ্গগামী দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলিকে বিমানবন্দরের ২ নম্বর গেট দিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। দেগঙ্গা ও বসিরহাটগামী যানবাহনের জন্য বিকল্প পথ হিসেবে মধ্যমগ্রামের বাদু রোড ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া ডাকবাংলো মোড়ে ‘নো-এন্ট্রি’ কার্যকর থাকবে।

বারাসত ও মধ্যমগ্রাম মিলিয়ে এবছর প্রায় ২ হাজার ৬১৪টি কালীপুজো হচ্ছে, যার মধ্যে ৩৯টি বিগ বাজেটের পুজো রয়েছে। দর্শনার্থীদের গাড়ি পার্কিংয়ের জন্য ১১ নম্বর রেলগেট সংলগ্ন রেল ইয়ার্ড, আরিফবাড়ি মোড়, আরদেবক ও পূর্ব বারাসত স্কুল সংলগ্ন এলাকায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে, কেন্দ্রীয় বাস টার্মিনালের পরিবর্তে আরিফবাড়ি, আরদেবক, গেঞ্জি মিল ও পোড়া ফ্যাক্টরি এলাকায় বিকল্প বাসস্ট্যান্ড করা হয়েছে।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দুই শহরে মোট ৩ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। দায়িত্বে থাকছেন পুলিশ সুপার পদমর্যাদার দুজন এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার চারজন আধিকারিক। এছাড়াও, বিমান চলাচলের নিরাপত্তার স্বার্থে মধ্যমগ্রাম থানা এলাকায় ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। পুলিশ সুপার জে মার্সি জানান, দর্শনার্থীদের প্যান্ডেল হপিং ও যান চলাচল স্বাভাবিক রাখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *