রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্তের এনকাউন্টার, পুলিশের গুলিতে খতম মূল আসামি!

রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্তের এনকাউন্টার, পুলিশের গুলিতে খতম মূল আসামি!

 

রায়গঞ্জে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায় (৪৫) পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন। সোমবার ভোরে বিহার সীমানা সংলগ্ন গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) কুলিকের জঙ্গল থেকে এক নাবালিকার পচাগলা দেহ উদ্ধার করা হয়। ওই নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন দিলীপ রায়। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। চার দিন ধরে তল্লাশি চালিয়েও তাঁর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না।

তদন্তকারীদের ধারণা ছিল, পুলিশের নজর এড়াতে অভিযুক্ত এলাকা ছাড়ার চেষ্টা করছেন। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে পুলিশ ফের তল্লাশি অভিযান শুরু করে। সোমবার ভোরে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় দিলীপকে দেখতে পান তদন্তকারীরা। পুলিশের দাবি, তাদের লক্ষ্য করে অভিযুক্ত গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এই গুলির লড়াইয়েই ঘটনাস্থলে দিলীপ রায়ের মৃত্যু হয়।

উল্লেখ্য, গত পাঁচ মাসে রাজ্যে এটি তৃতীয় এনকাউন্টারের ঘটনা। এর আগে বারুইপুর ও গাইঘাটাতেও ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তরা পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। উভয় ক্ষেত্রেই পুলিশের দাবি ছিল, আত্মরক্ষার্থে তাদের গুলি চালাতে হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *