হামাগুড়ি দিয়ে ঘরে ঢুকতে হয়! ইরানের রহস্যময় ‘লিলিপুট গ্রাম’ কি সত্যিই আছে?

ইরানের ‘লিলিপুট গ্রাম’: রহস্যময় মাখুনিকের নেপথ্যে লুকিয়ে থাকা ইতিহাস
নিজস্ব প্রতিবেদক:
ইরানের দক্ষিণ খোরসান অঞ্চলে অবস্থিত ‘মাখুনিক’ নামের একটি গ্রাম বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জনপ্রিয় ট্রাভেল ব্লগার ‘নোম্যাড আশিস’ (Nomad Ashish)-এর একটি ভিডিওর মাধ্যমে এই গ্রামের অদ্ভুত গঠনশৈলী ও ইতিহাস বিশ্ববাসীর নজরে এসেছে। পর্যটক ও গবেষকদের কাছে এটি ‘লিলিপুট গ্রাম’ হিসেবে পরিচিত।
ভিডিওতে দেখা যায়, গ্রামটিতে প্রায় ১৫০০ বছরের পুরনো মাটির ঘর রয়েছে, যেগুলোর দরজার উচ্চতা মাত্র তিন থেকে সাড়ে তিন ফুট। ঘরগুলোতে প্রবেশ করতে হলে একজন সাধারণ উচ্চতার মানুষকে রীতিমতো হাঁটু মুড়ে বা পিঠ বাঁকিয়ে ঢুকতে হয়। স্থানীয় ইতিহাসবিদদের মতে, অতীতে এই গ্রামের মানুষের গড় উচ্চতা ছিল মাত্র তিন ফুটের কাছাকাছি।
কেন এই গ্রামের মানুষজন অস্বাভাবিক রকমের বেটে ছিলেন, তার পেছনে বেশ কিছু ভৌগোলিক ও সামাজিক কারণ রয়েছে। আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত এই গ্রামটি দীর্ঘ সময় ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ছিল। প্রতিকূল পরিবেশের কারণে সেখানকার বাসিন্দারা পুষ্টিহীনতায় ভুগতেন; তাঁদের প্রধান খাদ্য ছিল শালগম, বার্লি ও খেজুর। পর্যাপ্ত প্রোটিনের অভাব এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজস্ব ছোট গোষ্ঠীর মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপনের (ইনব্রিডিং) ফলে বংশানুক্রমিকভাবে এখানকার বাসিন্দাদের শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়েছিল।
তবে কালের বিবর্তনে মাখুনিক গ্রামের চিত্র এখন বদলেছে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও উন্নত পুষ্টির ফলে নতুন প্রজন্মের শারীরিক গঠন এখন স্বাভাবিক। গ্রামের প্রায় ২০০টি মাটির ঘরের মধ্যে বর্তমানে ৭০-৮০টি ঘর ঐতিহ্যের স্মারক হিসেবে একইভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে।
রহস্যময় এই গ্রামটির ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকে বিষয়টিকে সাহিত্যিক জোনাথন সুইফটের ‘গালিভার্স ট্রাভেলস’-এর লিলিপুট রাজ্যের বাস্তব রূপ বলে মন্তব্য করছেন। আবার অনেক পর্যটক তাঁদের ভ্রমণ তালিকার নতুন গন্তব্য হিসেবে এই রহস্যময় গ্রামটিকে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেছেন।