সন্তান হারানোর সেই দুঃসহ রাত, সোনিয়া গান্ধীর জীবনের অজানা অধ্যায়!

প্রথম সন্তানের অকালমৃত্যুর মর্মান্তিক স্মৃতিচারণা সোনিয়া গান্ধীর
নিজস্ব প্রতিবেদক: এত দিন ধরে আড়ালে থাকা এক বেদনাদায়ক ও গোপন সত্য প্রকাশ্যে এল সোনিয়া গান্ধীর স্মৃতিচারণায়। রাহুল গান্ধী নন, রাজীব ও সোনিয়া গান্ধীর প্রথম সন্তান ছিল এক পুত্রসন্তান, যে জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই অকালপ্রয়াত হয়। এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত বিবরণ উঠে এসেছে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার বয়ানে।
বইয়ের পাতায় সোনিয়া লিখেছেন, ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি নির্ধারিত সময়ের দুই মাস আগেই তাঁর প্রসব বেদনা শুরু হয়। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। প্রিম্যাচিওর হলেও নবজাতকটি সম্পূর্ণ সুস্থ ছিল এবং তার কান্নার আওয়াজও শোনা গিয়েছিল। চিকিৎসকদের পরামর্শে ইনকিউবেটরে থাকা সেই শিশুকে দেখে রাজীব ও সোনিয়া আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি দীর্ঘক্ষণ। জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই চিকিৎসকদের আশঙ্কা সত্যি করে শিশুটি মৃত্যুবরণ করে।
প্রথম সন্তান হারানোর শোক সহ্য করতে পারেননি রাজীব ও সোনিয়া। সেই কঠিন সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হাসপাতালে ছুটে এসে পুত্রবধূকে সান্ত্বনা দেন। সোনিয়ার বর্ণনা অনুযায়ী, ইন্দিরা গান্ধীও শোকাতুর ছিলেন এবং তাঁর চোখ ফুলে গিয়েছিল।
নবজাতকের শেষকৃত্য নিয়ে সোনিয়া এক দৃঢ় মানসিকতার পরিচয় দেন। সে সময় মৃত নবজাতককে নদীতে ভাসিয়ে দেওয়ার সামাজিক প্রথা থাকলেও, সোনিয়া তা প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত দক্ষিণ দিল্লির মেহরৌলিতে ফিরোজ গান্ধীর খামারবাড়িতে রাজীব ও সঞ্জয় গান্ধী একটি বোগেনভেলিয়া গাছের নিচে শিশুটির দেহ সমাহিত করেন। দীর্ঘ সময় ধরে সোনিয়া নিয়মিত সেই সমাধিতে ফুল দিয়ে আসতেন।
স্মৃতিচারণায় সোনিয়া উল্লেখ করেছেন, সেই সময়ের তীব্র শোকের পাশাপাশি একটি দক্ষিণপন্থী পত্রিকার কুৎসিত আক্রমণের মুখে পড়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে পরবর্তী সময়ে নিয়তির চাকা ঘোরে এবং ১৯৭০ সালের ১৯ জুন রাহুল গান্ধীর জন্ম হয়। প্রথম সন্তানের অকালপ্রয়াণ যে তাঁর জীবনে এক গভীর ক্ষত তৈরি করেছিল, তা এই স্মৃতিচারণায় স্পষ্ট হয়ে উঠেছে।