ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ও দোলযাত্রায় বদলে গেল মেট্রোর সময়সূচী

কলকাতা মেট্রোয় বড়সড় বদল। ১ মার্চ রবিবার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ হাইভোল্টেজ টি-২০ ম্যাচকে কেন্দ্র করে বিশেষ পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। খেলা শেষে দর্শকদের সুবিধার্থে রাত ১১টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড স্টেশন থেকে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম অভিমুখে দুটি বিশেষ ট্রেন চালানো হবে। এই বিশেষ ট্রেনের টিকিট শুধুমাত্র এসপ্ল্যানেড কাউন্টার থেকেই পাওয়া যাবে।
পাশাপাশি ৩ মার্চ মঙ্গলবার দোলযাত্রা উপলক্ষে মেট্রো পরিষেবা সীমিত রাখার ঘোষণা করা হয়েছে। ওই দিন দুপুর ২টা ৩০ মিনিটের আগে কোনো লাইনেই মেট্রো চলবে না। ব্লু লাইনে স্বাভাবিক ২৭২টির বদলে মাত্র ৬০টি ট্রেন চলবে। গ্রিন লাইনে ৪৫টি, ইয়েলো লাইনে ৪৪টি এবং অরেঞ্জ লাইনে ২৮টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব রুটেই শেষ ট্রেনের সময়সূচী অপরিবর্তিত থাকছে। বাড়ি থেকে বেরোনোর আগে যাত্রীদের এই পরিবর্তিত সূচী দেখে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।