আইপিএলের দাপটে পিএসএল ছেড়ে পালাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা ক্ষুব্ধ, পিসিবি প্রধান দিলেন চরম হুঁশিয়ারি

চলতি বছরের আইপিএল ও পিএসএল একই সময়ে শুরু হওয়ায় বড়সড় সংকটের মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা থাকলেও জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। একইভাবে শ্রীলঙ্কার দাসুন শানাকা পিএসএলের চুক্তি ছেড়ে রাজস্থান রয়্যালসে নাম লিখিয়েছেন। বিদেশি তারকাদের এই দলবদলে চরম ক্ষুব্ধ পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি প্রকাশ্যেই আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নকভি জানান, চুক্তিবদ্ধ খেলোয়াড়দের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া হবে না এবং তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রস্তুতি চলছে। তবে আইপিএলের সাথে প্রতিযোগিতার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। তাঁর মতে, বিশ্বে প্রতিভার অভাব নেই এবং আইপিএল চলা সত্ত্বেও অনেক আন্তর্জাতিক মানের খেলোয়াড় পিএসএলে যোগ দিয়েছেন। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে ২০২৬ সালের পিএসএল ম্যাচগুলি দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনাও জানিয়েছেন তিনি।