বিদায়ে সুর্যোদয়? ধোনি-বিরাটকেও ছাপিয়ে যাওয়া অধিনায়কত্বের রেকর্ড, তবুও কি ছাঁটাই হচ্ছেন সূর্য!

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের সাফল্যের গ্রাফ উর্ধ্বমুখী হলেও বড়সড় রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। টানা অফ-ফর্মের কারণে টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব হারাতে পারেন বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব। গুঞ্জন উঠেছে, আগামী জুন-জুলাই মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের আগেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে পারে বিসিসিআই।
পরিসংখ্যানে সূর্যকুমারের রাজত্ব
অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের রেকর্ড রীতিমতো চমকপ্রদ। ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত তার নেতৃত্বে ভারত ৫২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৪০টিতেই জয় পেয়েছে দল। তার অধীনে জয়ের হার প্রায় ৭৬.৯২ শতাংশ, যা কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৫৬.৯৪%) এবং বিরাট কোহলির (৬০%) চেয়েও অনেক বেশি। এমনকি তার নেতৃত্বেই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা ঘরে তোলে টিম ইন্ডিয়া। জয়ের হারের দিক থেকে সূর্যের উপরে রয়েছেন কেবল রোহিত শর্মা (৭৯.০৩%)।
নেতৃত্বের দৌড়ে স্যামসন ও আইয়ার
অধিনায়ক পরিবর্তনের ক্ষেত্রে আইপিএল ২০২৬-এর পারফরম্যান্সকে মূল মাপকাঠি হিসেবে ধরা হচ্ছে। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন রাজস্থান রয়্যালসের অভিজ্ঞ অধিনায়ক সঞ্জু স্যামসন। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকা তার পক্ষে একটি বড় ইতিবাচক দিক। অন্যদিকে, পাঞ্জাব কিংসের বর্তমান অধিনায়ক শ্রেয়াস আইয়ারও এই তালিকায় রয়েছেন, যদিও তিনি ২০২৩ সালের পর আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি।
মূলত ব্যাটিং ফর্মে ধারাবাহিকতার অভাব এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই বোর্ড এমন কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইংল্যান্ড সফরের দল ঘোষণার মাধ্যমেই স্পষ্ট হবে ভারতীয় ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে কার হাতে উঠতে যাচ্ছে আগামীর ব্যাটন।