“ধোনির ওই রূপটা আমার একদম পছন্দ নয়!” মাহিকে নিয়ে সৌরভের মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল

“ধোনির ওই রূপটা আমার একদম পছন্দ নয়!” মাহিকে নিয়ে সৌরভের মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল

ভারতীয় ক্রিকেটের ইতিহাসের দুই অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। যেখানে ‘মহারাজ’ অকপটে স্বীকার করেছেন, ধোনির একটি বিশেষ রূপ তাঁর একেবারেই পছন্দ নয়।

ছক্কা মারার ধোনিই সেরা

ইউটিউবার রাজ শমানির একটি পডকাস্টে অংশ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় ধোনির শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করেন। সৌরভের অধিনায়কত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ধোনির। রাঁচির মতো ছোট শহর থেকে উঠে এসে ধোনি যেভাবে বিশ্ব ক্রিকেটে নিজের আধিপত্য বিস্তার করেছিলেন, তার ভূয়সী প্রশংসা করেন সৌরভ। তবে এরই মাঝে তিনি জানান, ধোনির ক্রিজে টিকে থেকে এক রান নেওয়ার মানসিকতা তিনি পছন্দ করেন না। সৌরভের ভাষায়, ধোনির প্রথম দিককার সেই বিধ্বংসী রূপটিই তাঁর বেশি প্রিয় ছিল, যেখানে ধোনি ক্রিজে আসা মাত্রই একের পর এক বিশাল ছক্কা হাঁকাতেন। পরবর্তীতে ধোনি যখন ধরে খেলে ম্যাচ জেতানোর কৌশল নেন, ধোনির সেই ‘দ্বিতীয় রূপ’ সৌরভের মনে ধরেনি।

ফিক্সিংয়ের কালো অধ্যায় ও ভারতীয় ক্রিকেট

পডকাস্টে ধোনির পাশাপাশি ২০০০ সালের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি নিয়েও মুখ খোলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। দক্ষিণ আফ্রিকার তৎকালীন অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের পাশাপাশি ভারতের মহম্মদ আজহারউদ্দিন ও অজয় জাদেজার মতো তারকাদের নাম জড়িয়ে পড়ার পর ভারতীয় ক্রিকেট যখন চরম সংকটে, তখন সৌরভের কাঁধে অধিনায়কের দায়িত্ব আসে। সৌরভ জানান, দায়িত্ব নেওয়ার পর তিনি পরিস্থিতি বোঝার জন্য দলের সিনিয়র ক্রিকেটার শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছিলেন। তাঁরা প্রত্যেকেই ফিক্সিংয়ের মতো কোনো ঘটনার সাথে তাঁদের কখনো যোগাযোগ করা হয়নি বলে সৌরভকে আশ্বস্ত করেন, যা পরবর্তীতে একটি নতুন ও পরিচ্ছন্ন দল গঠনে সৌরভকে সাহায্য করেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *