‘এখনও তো কেরিয়ারের প্রথমার্ধ!’ ৩৫ ছুঁয়েও মাঠে নামতে ছটফট করছেন বরুণ

‘এখনও তো কেরিয়ারের প্রথমার্ধ!’ ৩৫ ছুঁয়েও মাঠে নামতে ছটফট করছেন বরুণ

২৯ বছর বয়সে ভারতের জাতীয় দলে অভিষেক ঘটেছিল তাঁর। আজ ৩৫-এ দাঁড়িয়েও কলকাতা নাইট রাইডার্সের (KKR) তারকা স্পিনার বরুণ চক্রবর্তীর স্পষ্ট দাবি—তাঁর ক্রিকেট কেরিয়ারের অর্ধেক পথ নাকি এখনও চলাই হয়নি! চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে থাকার পর আবারও ফিরতে ছটফট করছেন এই নাইট তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ জানান, “দেরিতে খেলা শুরু করেছি বলেই মনে হয় কেরিয়ারের এখনও প্রথমার্ধেই রয়েছি। অনেক পথ চলা এখনও বাকি।” টি-টোয়েন্টি বিশ্বকাপে হাড়ের চোট সহ্য করেই যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন বরুণ। তবে সেই চোট পুরোপুরি সারার আগেই হ্যামস্ট্রিংয়ের পেশিতে টান লেগে দল থেকে ছিটকে যেতে হয় তাঁকে।

তবে কঠিন দিন পেছনে ফেলে জাতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) উৎকর্ষ কেন্দ্রে (NCA) দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেছেন বরুণ। বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে কঠোর পরিশ্রম, রানিং এবং স্ট্রেন্থ ট্রেইনিংয়ের মাধ্যমে এখন তিনি সম্পূর্ণ ফিট। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেই ফের বল হাতে আলো ছড়াতে প্রস্তুত তিনি।

চোট কাটিয়ে মানসিকভাবে আরও শক্ত হয়ে ওঠা প্রসঙ্গে কেকেআর স্পিনারের বক্তব্য, “পেশির চোট এই প্রথম পেলাম। তবে পুনর্বাসনে প্রচুর ঘেমেছি, যা আমাকে শারীরিক ও মানসিক—উভয় দিক থেকেই আত্মবিশ্বাস জোগাচ্ছে। পুরোপুরি ছন্দে ফিরতে কিছুটা সময় লাগবে ঠিকই, তবে একবার ছন্দ পেয়ে গেলে মাঠে নিজের সেরাটা উজাড় করে দেব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *