১০ বছরের অপমান থেকে এশিয়ান গেমসে ইতিহাস! ৩৬-এ ভারতের মুখ উজ্জ্বল করলেন সুচিকা

১০ বছর বয়সে দিল্লির এক সেলুনে অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। সেই চরম অসহায়ত্বের মুহূর্তই বদলে দিয়েছিল জীবনের গতিপথ। সেদিনই নিজের সঙ্গে অঙ্গীকার করেছিলেন—আর কখনো নিজেকে দুর্বল মনে করবেন না। আত্মরক্ষার পাঠ নিতে শুরু করা সেই ১০ বছরের মেয়েটাই আজ ৩৬ বছর বয়সে এশিয়ান গেমসে (Asian Games 2026) ভারতের নাম ইতিহাসের পাতায় খোদাই করে দিলেন। তিনি সুচিকা তারিয়াল।
মঙ্গোলিয়ার আলতানচিমেগ বায়গালমাকে ২-০ ব্যবধানে হারিয়ে মহিলাদের ট্র্যাডিশনাল ৬০ কেজি MMA-র সেমিফাইনালে উঠেছেন সুচিকা। আর এর মাধ্যমেই এশিয়ান গেমসের ইতিহাসে MMA ইভেন্টে ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন এই অদম্য যোদ্ধা।
অনভিপ্রেত ঘটনা ও ঘুরে দাঁড়ানোর গল্প ছোটবেলায় সেলুনের অনভিপ্রেত ঘটনার পর বাড়িতে জানাতে ভয় পেয়েছিলেন সুচিকা, পাছে বাইরে বেরোনো বন্ধ হয়ে যায়। নিজের ভেতরের ক্ষোভ আর জেদকে শক্তিতে রূপান্তর করেন তিনি। বাড়ির পাশের ফাঁকা জায়গায় পুশ-আপ, চিন-আপ দিয়ে শুরু হয় শরীরচর্চা। চারতলায় জলভর্তি বালতি তুলে নেওয়ার মতো শারীরিক কসরতকে বানিয়ে নেন লড়াইয়ের হাতিয়ার।
আটবারের জাতীয় চ্যাম্পিয়ন ও আর্থিক অনটন ২০০০ সালের দিকে জুডোর ক্লাসে ভর্তি হয়ে বয়সভিত্তিক প্রতিযোগিতায় একের পর এক পদক জিততে শুরু করেন। জুডোয় টানা ৮ বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সুচিকা। তবে প্রতিভার পাশাপাশি আর্থিক সংকট ছিল তাঁর জীবনের বড় প্রতিবন্ধকতা। ২০১৮ সালের এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ হাতছাড়া হলেও ২০১৯ সালে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নিজের সক্ষমতা প্রমাণ করেন।
২০২২ সালের কমনওয়েলথ গেমসে জুডোর ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শেষ মুহূর্তে হেরে যান সুচিকা। আন্তর্জাতিক প্রতিযোগিতা, প্রশিক্ষণ, কোচিং এবং ডায়েটের বিপুল খরচ সামলাতে তাঁর পরিবারকে বড় অঙ্কের ঋণ নিতে হয়েছিল। পরবর্তীতে কুরাশে শিফট করে ২০২৩ হাংঝৌ এশিয়ান গেমসে অংশ নেন এবং জিউ-জিৎসুতে বিশ্বচ্যাম্পিয়নশিপের খেতাব জেতেন।
২০২৫-এ MMA এবং এশিয়ান গেমসে নতুন অধ্যায় ২০২৫ সালে ভারতীয় MMA ফেডারেশনের প্রস্তাব পাওয়ার পর নতুন লড়াই শুরু করেন সুচিকা। জুডো, কুরাশ ও জিউ-জিৎসুর অভিজ্ঞতায় তাঁর গ্রাউন্ড গেম এমনিতেই শক্তিশালী ছিল। সঙ্গে বক্সিং ও কিকিংয়ের ধার বাড়িয়ে নিজেকে প্রস্তুত করেন।
২০২৬ এশিয়ান গেমসে MMA প্রথমবার অন্তর্ভুক্ত হতেই ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ কাজে লাগালেন সুচিকা। সেমিফাইনালে পদক নিশ্চিত করলেও এখানেই থামতে চান না ৩৬ বছরের এই তারকা—তাঁর লক্ষ্য এবার পদকের রং বদলে দেশকে সোনা উপহার দেওয়া।