গল্ফে জোড়া ধামাকা! প্রণবীর ঐতিহাসিক সোনা, দলগত ইভেন্টেও রুপো ভারতের

গল্ফে জোড়া ধামাকা! প্রণবীর ঐতিহাসিক সোনা, দলগত ইভেন্টেও রুপো ভারতের

এশিয়ান গেমসে (Asian Games 2026) ফের ভারতের জয়জয়কার! এবার গল্ফের ময়দানে ইতিহাস তৈরি করলেন ভারতীয় তারকা প্রণবী উর্স। মহিলাদের ব্যক্তিগত গল্ফ ইভেন্টে অসাধারণ পারফরম্যান্স করে দেশের ঝুলিতে সোনা এনে দিলেন তিনি। একইসঙ্গে দলগত ইভেন্টেও রুপো জিতে দেশকে জোড়া সাফল্য এনে দিয়েছে ভারতীয় মহিলা দল।

গেমসের শেষ দিনে প্রবল স্নায়ুর চাপ থাকলেও তা দারুণভাবে সামলে বাজিমাত করেন প্রণবী। তৃতীয় রাউন্ড শেষেই ১৫-আন্ডার পার স্কোরের সৌজন্যে তিন শটের লিড নিয়েছিলেন তিনি। চতুর্থ তথা চূড়ান্ত রাউন্ডেও সেই দাপট বজায় রাখেন। শেষ পর্যায়ে চিনের ইয়িন রুয়োনিং এবং সিঙ্গাপুরের শ্যানন ট্যানের মতো তারকাদের কড়া চ্যালেঞ্জের মুখে পড়লেও, মাথা ঠান্ডা রেখে সোনার পদক নিশ্চিত করেন এই প্রতিভাবান ভারতীয় গল্ফার।

ব্যক্তিগত বিভাগে সোনার পাশাপাশি দলগত ইভেন্টেও উজ্জ্বল ভারতের মেয়েরা। প্রণবী উর্স, অদিতি অশোক এবং দীক্ষা ডাগরের সম্মিলিত দুরন্ত পারফরম্যান্সের সুবাদে এই ইভেন্টে অনায়াসেই রুপো জিতে নেয় ভারত।

প্রণবীর এই জয় ভারতীয় ক্রীড়াক্ষেত্রে এক নতুন মাইলফলক। তিনিই প্রথম ভারতীয় মহিলা, যিনি এশিয়ান গেমসের গল্ফে সোনা জিতলেন। শুধু তাই নয়, ২০০২ সালে শিব কাপুরের পর দীর্ঘ ২৪ বছর পর কোনো ভারতীয় গল্ফে এই অনন্য খেতাব অর্জন করলেন।

চলতি এশিয়ান গেমসে একের পর এক ঐতিহাসিক সাফল্য পাচ্ছে ভারত, আর পদক তালিকায় ভারতের অবস্থান আরও মজবুত করে এবার সেই গৌরবময় অধ্যায়ে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল প্রণবী উর্সের নাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *