এক সপ্তাহ না খেলেই শীর্ষস্থান পুনরুদ্ধার স্টার্কের, বুমরাহ ছাড়া প্রথম দশে নেই আর কেউ!

আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন মিচেল স্টার্ক
স্পোর্টস ডেস্ক: কোনো ম্যাচ না খেলেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ফের শীর্ষস্থান দখল করলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, ৮৮১ রেটিং পয়েন্ট নিয়ে তিনি তালিকার শীর্ষে উঠে এসেছেন।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কাছে ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজের পরই স্টার্ক তালিকার শীর্ষে থাকার গৌরব হারিয়েছিলেন। তবে এক সপ্তাহ পেরোনোর আগেই ফের এক নম্বরে উঠে এলেন তিনি। স্টার্কের শীর্ষে ফেরার ফলে এক ধাপ পিছিয়ে ৮৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি (৮৬১)। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন ইংল্যান্ডের ওলি রবিনসন (৮৫৬) এবং ভারতের জসপ্রীত বুমরাহ (৮৫৩)।
সেরা দশের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সিমন হারমার। ৯ ধাপ এগিয়ে ৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন সাত নম্বরে অবস্থান করছেন। তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্কট বোলান্ড (৮২১)। অষ্টম স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা (৮০১)। এছাড়া তালিকার নবম ও দশম স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (৭৮৯) এবং জশ হেজেলউড (৭৮৫)।
ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহর পরেই রয়েছেন মোহাম্মদ সিরাজ। এক ধাপ পিছিয়ে তিনি এখন ১৬তম স্থানে (৬৯৬)। অন্যদিকে, এক ধাপ এগিয়ে রবীন্দ্র জাদেজা এখন ১৮তম স্থানে অবস্থান করছেন (৬৮২)।