মেয়েদের আইপিএলের দামামা বেজে উঠল, প্রথম ম্যাচেই মন্ধানা বনাম হরমনপ্রীত!

১৪ জানুয়ারি শুরু ডব্লিউপিএল, সূচি ঘোষণা করল বিসিসিআই
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আসন্ন উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে মেয়েদের ক্রিকেটের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, যা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
এবারের আসরে মোট ২২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে মুম্বই এবং বডোদরা শহরকে। দুই শহরে ১১টি করে মোট ২২টি ম্যাচ খেলা হবে। সূচি অনুযায়ী, প্রথম ১১টি ম্যাচ হবে বডোদরায় এবং পরবর্তী ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বইয়ে। বডোদরায় ২৪ জানুয়ারি পর্যন্ত খেলা চলবে এবং ২৬ জানুয়ারি থেকে শুরু হবে মুম্বই পর্ব।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দু’বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে মুখোমুখি হবেন ভারতের দুই তারকা ক্রিকেটার হরমনপ্রীত কৌর ও স্মৃতি মন্ধানা। ১৫ জানুয়ারি গুজরাত জায়ান্টস ও ইউপি ওয়ারিয়র্জ় এবং ১৬ জানুয়ারি দিল্লি ক্যাপিটালস বনাম বেঙ্গালুরু ম্যাচ দিয়ে টুর্নামেন্ট এগোবে। ৩ ফেব্রুয়ারি দিল্লি ক্যাপিটালস ও ইউপি ওয়ারিয়র্জ়ের ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে লিগ পর্ব।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, লিগ তালিকায় শীর্ষে থাকা দলটি সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলগুলি ৫ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে। সব ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
উল্লেখ্য, মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে সংস্কারের কাজ চলায় এবার ডব্লিউপিএলের মুম্বই পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ব্রেবোর্ন স্টেডিয়ামে।