এক ম্যাচে ৫১ লাল কার্ড! ফুটবল বিশ্বে নজিরবিহীন কাণ্ড ব্রাজিলে!

এক ম্যাচে ৫১ লাল কার্ড: ব্রাজিলে বিশ্বরেকর্ড, পরিস্থিতি সামলাতে নামল সেনা
ব্রাজিল: ফুটবল ম্যাচে লাল কার্ড দেখার ঘটনা নতুন কিছু নয়, কিন্তু এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর নজির বিশ্ব ফুটবলে নজিরবিহীন। ব্রাজিলে অনূর্ধ্ব-২০ দ্বিতীয় ডিভিশনের এক ম্যাচে দুই দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে এই নজির সৃষ্টি হয়েছে। উত্তপ্ত পরিস্থিতির মোকাবিলায় শেষ পর্যন্ত মাঠে নামাতে হয় সেনাকে।
ঘটনার সূত্রপাত উবেরলান্দিয়া ও মামোরের মধ্যকার ম্যাচে। খেলার ৫৪ মিনিট পর্যন্ত মামোরে ৩-১ গোলে এগিয়ে ছিল। অভিযোগ, গোল করার পর মামোরের স্ট্রাইকার দাভি উবেরলান্দিয়ার ডাগআউটের সামনে উসকানিমূলক অঙ্গভঙ্গি করেন। এর প্রতিবাদে উবেরলান্দিয়ার গোলরক্ষক কোচ পাউলো সের্জিয়ো মাঠে ঢুকে দাভিকে ধাক্কা মারলে উত্তেজনার পারদ চড়ে।
মুহূর্তের মধ্যে দুই দলের ফুটবলার, সাপোর্ট স্টাফ ও কর্মকর্তারা মাঠে নেমে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সংঘর্ষের মাত্রা এতটাই বেড়ে যায় যে, দুই পক্ষ একে অপরের দিকে জলের বোতল, চেয়ার, বরফের বাক্স ও ফুটবল ছুড়তে শুরু করে। এমনকি বলবয়রাও এই বিবাদে জড়িয়ে পড়ে। টানা ৪০ মিনিট ধরে এই বিশৃঙ্খলা চলার পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেনাকে তলব করতে হয়।
খেলা বন্ধ করে দিতে বাধ্য হন রেফারি ফের্নান্দো প্যাট্রিক। ম্যাচ শেষে রেফারি তাঁর রিপোর্টে মোট ৫১ জনকে লাল কার্ড দেখানোর কথা জানিয়েছেন। এর মধ্যে ৪৩ জন ফুটবলার এবং ৮ জন সাপোর্ট স্টাফ। রেফারির ভাষ্যমতে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে ভবিষ্যতে অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।
উল্লেখ্য, এর আগে ২০১১ সালে আর্জেন্টিনার ক্লেপোল বনাম ভিক্টোরিয়ানো ম্যাচে ৩৬টি লাল কার্ড দেখিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন রেফারি। ব্রাজিলের এই ঘটনার মাধ্যমে সেই পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি হলো।