দোহা বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতীয় মহিলা শ্যুটারদের

দোহা বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতীয় মহিলা শ্যুটারদের

দোহা বিশ্বচ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন ভারতীয় শ্যুটাররা। মহিলাদের ২৫ মিটার পিস্তল দলগত ইভেন্টে এশা সিং, মানু ভাকের এবং দিব্যা থাডিগোল সুব্বারাজুর ত্রয়ী সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন। এই ইভেন্টে দক্ষিণ কোরিয়া রুপো এবং ভিয়েতনাম ব্রোঞ্জ পদক অর্জন করেছে। টুর্নামেন্টে এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক, যা ভারতীয় দলের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলেছে।

তবে ব্যক্তিগত ইভেন্টে কিছুটা আক্ষেপ রয়ে গিয়েছে। ফাইনালে জায়গা করে নিলেও মানু ভাকের এবং এশা সিং পদক থেকে বঞ্চিত হয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে মানু ভাকের ২৭টি হিট নিয়ে চতুর্থ স্থানে শেষ করেন। অন্যদিকে, এশা সিং ১১টি হিট নিয়ে অষ্টম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন। অল্পের জন্য পদক এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সরাসরি কোটা হাতছাড়া হয়েছে তাঁদের।

মহিলাদের পাশাপাশি পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন দলগত ইভেন্টেও সাফল্য পেয়েছে ভারত। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, অখিল শিওরান এবং নীরজ কুমারের ত্রয়ী ব্রোঞ্জ পদক জিতেছেন। আগামী ১১ নভেম্বর এই ইভেন্টের ব্যক্তিগত ফাইনাল অনুষ্ঠিত হবে। দলগত সাফল্যের পর এবার ব্যক্তিগত বিভাগেও পদক জিতে ভারতের পদক সংখ্যা আরও বাড়িয়ে নেওয়াই লক্ষ্য ভারতীয় শ্যুটারদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *