চুরি যাওয়া অলিম্পিক পদক ফিরে পেলেন প্রাক্তন হকি তারকা এমএম সোমায়া

চুরি যাওয়া অলিম্পিক পদক ফিরে পেলেন প্রাক্তন হকি তারকা এমএম সোমায়া

প্রাক্তন ভারতীয় হকি খেলোয়াড় এমএম সোমায়ার বাড়ি থেকে চুরি যাওয়া অলিম্পিক সোনার পদক উদ্ধার করল বেঙ্গালুরু পুলিশ। গত ২৮ অক্টোবর কুর্গে যাওয়ার সময় ফাঁকা বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। চোরেরা অলিম্পিকের সোনার পদক ছাড়াও ১৯৮২ এশিয়ান গেমসের রুপোর পদক, ১৯৮৬ সিয়োল এশিয়ান গেমস ও ১৯৮২ চ্যাম্পিয়ন্স ট্রফির ব্রোঞ্জ পদক এবং নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দিয়েছিল। সব মিলিয়ে খোয়া যাওয়া জিনিসের মূল্য ছিল প্রায় ৩.৮ লক্ষ টাকা। প্রতিবেশীদের নজরে আসার পর সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে ইন্দিরানগর থানা।

পুলিশের তৎপরতায় দ্রুত রহস্যের সমাধান হয়েছে এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া পদক ও অন্যান্য সামগ্রী ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন সোমায়া। তিনি জানিয়েছেন, এই পদক ফিরে পাওয়া তাঁর কাছে অলিম্পিক্সে পুনরায় সোনা জেতার অনুভূতির মতো। পুলিশি তদন্তের প্রশংসা করে তিনি বলেন, সীমান্ত কুমার সিংহের নেতৃত্বে বেঙ্গালুরু পুলিশ যে দ্রুততার সঙ্গে কাজ করেছে, তা অত্যন্ত গর্বের। তিনি ডিসিপি পূর্ব বিক্রম, হালসুরের এসিপি এবং ইন্দিরানগর থানার তদন্তকারী দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, এমএম সোমায়া দীর্ঘ সময় ভারতীয় হকি দলের হাফ-ব্যাক পজিশনে খেলেছেন এবং তিনটি অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮৮ সালের অলিম্পিক্সে তিনি ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। ১৯৮৫ সালে তিনি অর্জুন পুরস্কারে ভূষিত হন। তাঁর নেতৃত্বে ১৯৮৮ সালে নাইরোবিতে পুজো কাপ জিতেছিল ভারত। নিজের হারানো সম্মান ও স্মৃতি ফিরে পেয়ে তিনি বেঙ্গালুরু পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *