ফিফার বিশেষ কর্মসূচিতে জায়গা পেলেন সুনীল ছেত্রী

ভারতীয় ফুটবলের মহাতারকা সুনীল ছেত্রী ফিফার এক বিশেষ কর্মসূচিতে জায়গা করে নিয়েছেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিফার এই আন্তর্জাতিক তালিকায় স্থান পাওয়া প্রথম ভারতীয় পুরুষ ফুটবলার হলেন সুনীল। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা তাদের ‘প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় সংস্করণে বিশ্বের মাত্র ১৩ জন তারকা ফুটবলারকে বেছে নিয়েছে। এই তালিকায় সুনীল ছাড়াও রয়েছেন আলেক্সিয়া পুতেয়াস, জেসি ফ্লেমিং এবং রশিদাত আজিবাদে-র মতো বিশ্ববিখ্যাত ফুটবলাররা।
এই কর্মসূচির মূল লক্ষ্য হলো তারকা ফুটবলারদের জনপ্রিয়তা ও সোশ্যাল মিডিয়ার প্রভাবকে কাজে লাগিয়ে সমাজে শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং খেলাধুলায় সম অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা তৈরি করা। গত জুন মাসে আমেরিকার বস্টনে আয়োজিত তিন দিনের এক বিশেষ ‘ইমপ্যাক্ট অ্যাক্সিলারেটর ওয়ার্কশপ’-এ সুনীল ছেত্রী অংশ নেন। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলাররা নিজেদের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেন।
ফিফার এই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর উচ্ছ্বসিত সুনীল ছেত্রী জানিয়েছেন, এই সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের অসাধারণ ব্যক্তিত্বদের সঙ্গে একই মঞ্চে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ। ২০০৫ সালে ভারতীয় সিনিয়র দলের হয়ে যাত্রা শুরু করা সুনীল দীর্ঘ কুড়ি বছর দেশের ফুটবলের অবিচ্ছেদ্য অংশ। ফিফার এই বিশেষ তালিকায় সুনীলের অন্তর্ভুক্তি ভারতীয় ক্রীড়ামহলকে আরও একবার গর্বিত করল।