বেকসুর কেজরিওয়াল, তদন্তের নির্দেশ সিবিআইয়ের বিরুদ্ধেই

বেকসুর কেজরিওয়াল, তদন্তের নির্দেশ সিবিআইয়ের বিরুদ্ধেই

দিল্লির হাই প্রোফাইল আবগারি দুর্নীতি মামলায় কার্যত ‘ক্লিনচিট’ পেলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়া। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক জিতেন্দ্র সিং এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট জানানো হয়েছে, কেজরিওয়ালের বিরুদ্ধে আনা দুর্নীতির সমস্ত অভিযোগই সাজানো এবং এর কোনো ভিত্তি নেই।

রায়ে বলা হয়েছে, সিবিআই এই মামলায় ন্যূনতম প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে। উল্টে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে জনপ্রতিনিধিদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংশ্লিষ্ট তদন্তকারী অফিসারের বিরুদ্ধেই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। চার্জশিটে অভিযুক্তদেরই সাক্ষী হিসেবে তুলে ধরায় কেন্দ্রীয় এজেন্সির বিশ্বাসযোগ্যতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন বিচারক।

এই জয়ের পর আবেগপ্রবণ হয়ে পড়েন কেজরিওয়াল। তিনি বলেন, “সততাই আমার একমাত্র সম্পদ। প্রধানমন্ত্রী কেন রাজনৈতিক লড়াই ছেড়ে এজেন্সি দিয়ে বিরোধীদের দমাতে চাইছেন?” আদালতের এই রায়কে মোদী সরকারের মুখে চুনকালি হিসেবে দেখছে রাজনৈতিক মহল। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও এই রায়কে ‘সত্যের জয়’ বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, এই মামলার জেরেই কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হয়েছিল এবং দীর্ঘ সময় জেল খাটতে হয়েছিল। এখন আদালত থেকে সসম্মানে মুক্তি পাওয়ায় জাতীয় রাজনীতিতে আপ-এর শক্তি বহুগুণ বেড়ে গেল বলে মনে করা হচ্ছে। পরিসংখ্যান বলছে, গত ১১ বছরে বিরোধীদের বিরুদ্ধে সিবিআইয়ের দায়ের করা মামলার মাত্র ১ শতাংশ ক্ষেত্রে সাজা হয়েছে, যা এজেন্সির নিরপেক্ষতাকে ফের কাঠগড়ায় দাঁড় করালো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *