ইসরো বিজ্ঞানী সেজে ডজনখানেক নামে নারীদের সঙ্গে প্রতারণা, মুম্বাইয়ে গ্রেফতার ভণ্ড প্রেমিক

নিউজ ডেস্ক: মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’ (ISRO) এবং পিডব্লিউডি-র উচ্চপদস্থ কর্মকর্তা সেজে ম্যাট্রিমনিয়াল সাইটে সম্ভ্রান্ত পরিবারের নারীদের টোপ দিত ৩১ বছর বয়সী আদর্শ প্রশান্ত ম्हाত্রে। কখনো স্বপ্নীল বারুলে, কখনো তনয় ম্হাত্রে— এমন ১২টি ভিন্ন ছদ্মনামে সে উচ্চশিক্ষিত নারী, চিকিৎসক ও ইঞ্জিনিয়ারদের নিজের জালে জড়াত।
নভি মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, আলিব্গের বাসিন্দা এই যুবক বিলাসবহুল জীবনযাত্রার ছবি দেখিয়ে নারীদের বিশ্বাস অর্জন করত। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গড়ে তুলত শারীরিক সম্পর্ক। শুধু তাই নয়, কৌশলে সম্পত্তি বা ফ্ল্যাটে বিনিয়োগের কথা বলে নারীদের ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের লোন নিতে বাধ্য করত সে। সেই টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়েই চম্পট দিত এই প্রতারক। তদন্তে জানা গেছে, সংগৃহীত টাকা দিয়ে সে গোয়ার ক্যাসিনো ও পাঁচতারা হোটেলে আমোদ-প্রমোদ করত।
রাবালে থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে জানা গেছে, গত কয়েক বছরে অন্তত চারজন নারীর থেকে প্রায় ৯৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সে। ২০১৯ সাল থেকেই মুম্বাই, থানে এবং রায়গড় পুলিশের খাতায় জালিয়াতি ও শ্লীলতাহানির একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। অবশেষে ২০ ফেব্রুয়ারি পুলিশের জালে ধরা পড়েছে এই ভণ্ড বিজ্ঞানী ও তার এক সহযোগী। বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) বিভিন্ন ধারায় মামলা রুজু করে তাদের ৪ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।