মোদির রাজ্যে বাড়ছে সিংহের বহর, তিন বছরে ৩২২টি মৃত্যুতে বাড়ছে উদ্বেগ

আমেদাবাদ: গুজরাতের বনজঙ্গলে বাড়ছে পশুরাজের দাপট। চলতি বছরের জানুয়ারি মাসের পরিসংখ্যান অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে সিংহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯১। তবে এই খুশির খবরের আড়ালে লুকিয়ে রয়েছে এক ভয়ংকর উদ্বেগের চিত্র। গত তিন বছরেই মৃত্যু হয়েছে ৩২২টি সিংহের, যা বনদপ্তরের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করেছে।
গুজরাত বিধানসভায় পেশ করা সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে জীবিত ৮৯১টি সিংহের মধ্যে রয়েছে ২৫৫টি সিংহ, ৪০৫টি সিংহী এবং ২৩১টি শাবক। কিন্তু মৃত্যুর পরিসংখ্যান বলছে অন্য কথা। ২০২৪ সাল থেকেই এই মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ওই বছরই প্রাণ হারিয়েছে ৪০টি সিংহ, ৪৪টি সিংহী এবং ৭৯টি শাবক। পরের বছরেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। ২০২৫ সালে মৃত্যু হয়েছে ৩২টি সিংহ, ৪৪টি সিংহী এবং ৬৬টি শাবকের। চলতি ২০২৬ সালের প্রথম মাসেই আরও ৯টি সিংহ প্রাণ হারিয়েছে।
বনদপ্তরের কর্মকর্তাদের মতে, সব মৃত্যুই স্বাভাবিক নয়। এর পেছনে চোরাশিকার বা নিরাপত্তা সংক্রান্ত গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে শাবক এবং পূর্ণবয়স্ক সিংহের মৃত্যুহার বেড়ে যাওয়া বনবিভাগের কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। সংখ্যা বৃদ্ধির আনন্দের মাঝেই কীভাবে এই অকাল মৃত্যু ঠেকানো যায়, এখন সেটাই প্রশাসনের প্রধান লক্ষ্য।