খামেনেই হত্যার বদলা নিতে মরিয়া ইরান, মধ্যপ্রাচ্য জুড়ে কি শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধ

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন এখন নিয়ন্ত্রণের বাইরে। ইজরায়েল ও বন্ধু রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে ইরানের ওপর একের পর এক বিধ্বংসী হামলা চালাচ্ছে আমেরিকা। বিশেষ করে ইরানের ড্রোন ঘাঁটি এবং সামরিক পরিকাঠামো গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। এই পাল্টাপাল্টি হামলায় আরব দেশগুলোর সাধারণ মানুষের জীবন এখন চরম সংকটে।
সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনেইকে হারানোর পর প্রত্যাঘাতের নেশায় ফুঁসছে ইরান। আমেরিকার দাদাগিরি খতম করতে কোমর বেঁধে নেমেছে ইরান রিভোলিউশনারি গার্ডস। ইজরায়েলের তেলনোপ এয়ারবেস এবং তেল আবিবের সেনা সদর দপ্তর ‘হাকির্য়া’ উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। ইতিমধ্য়েই চিনের স্যাটেলাইট প্রযুক্তির সাহায্য নিয়ে মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করেছে তেহরান। ইরাকের ইরবিল বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউদাউ করে জ্বলছে আগুন, যেখান থেকে প্রাণভয়ে পালাচ্ছেন যাত্রীরা।
আগুনের লেলিহান শিখা পৌঁছেছে বাহারাইন এবং সংযুক্ত আরব আমিরশাহি পর্যন্ত। শারজার এক বিশাল শপিং মলে ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এই যুদ্ধ পরিস্থিতিতে সেখানে আটকে পড়া বহু প্রবাসী ভারতীয় সাহায্যের জন্য কাতর আবেদন জানিয়েছেন। অন্যদিকে, খামেনেইর হত্যাকাণ্ডকে রাষ্ট্রপুঞ্জের নীতির লঙ্ঘন বলে তোপ দেগেছে চিন। বিশ্বশান্তির স্বার্থে আমেরিকা ও ইজরায়েলকে দ্রুত যুদ্ধ থামিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে রাশিয়া ও চিন।