‘ভিটেমাটি বাঁচাতে জোড়াফুলই শেষ ভরসা’, ভোটের আগে মমতার হুঙ্কার

নিউজ ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুরের জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেলদা, পাঁশকুড়া এবং ডেবরায় নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলা ও সাধারণ মানুষের অস্তিত্ব রক্ষায় ‘জোড়াফুলের কোনো বিকল্প নেই’।
বিজেপির ‘চার্জশিট’ রাজনীতির পাল্টা দিয়ে মমতা বলেন, “বাংলার মানুষই তোমাদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে। দাঙ্গা করে ক্ষমতায় এসে এখন খাদ্যাভ্যাস নিয়ে রাজনীতি চলছে।” বহিরাগত শক্তির হাত থেকে বাংলাকে রক্ষা করার ডাক দিয়ে তিনি সতর্ক করেন যে, তৃণমূল না থাকলে সাধারণ মানুষের ঘরবাড়ি ও পরিবার বিপন্ন হতে পারে।
এদিন একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এবং কৃষক বন্ধুর সুবিধা আজীবন বজায় রাখার পাশাপাশি আগামী দিনে রাজ্যের সমস্ত কাঁচা বাড়ি পাকা করে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। বিজেপির কেন্দ্রীয় নীতিকে কটাক্ষ করে তিনি বলেন, “ভোটের আগে ওরা ক্যাশ দেয়, তারপর গ্যাস দেয়। সেই গ্যাস এক মাসেই ফুরিয়ে যায়।”
গণতন্ত্র বাঁচানোর এই লড়াইয়ে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মমতা। তাঁর সাফ হুঁশিয়ারি, “যতই করো চক্রান্ত সব হবে ব্যর্থ, যতই করো হামলা আবার জিতবে বাংলা।” যুবকদের কর্মসংস্থান এবং প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তাঁর সরকার কাজ করবে বলে তিনি আশ্বাস দেন।