১২ টন কিটক্যাট সাবাড় করে চোরদের রুচিবোধের তারিফ করল খোদ নেসলে

সোনা-দানা নয় বরং মাঝরাস্তা থেকে উধাও ট্রাক বোঝাই ১২ টন কিটক্যাট। নেসলের কারখানা থেকে ইউরোপের বাজারে যাওয়ার পথেই নিখুঁতভাবে এই বিপুল পরিমাণ চকোলেট লুঠ করেছে চোরেরা। ঘটনার আকস্মিকতায় হতবাক পুলিশ ও সংস্থা দুই পক্ষই।
চোরদের এই কাণ্ড দেখে রসিকতা করতে ছাড়েনি নেসলে। সংস্থার বিখ্যাত ট্যাগলাইন ‘Have a Break, Have a KitKat’-এর প্রসঙ্গ টেনে তারা জানিয়েছে, চোরেরা সম্ভবত এই বার্তাটি বড্ড বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে। এমনকি চোরদের চকোলেট প্রীতির প্রশংসা করে একটি বিবৃতিও জারি করেছে কর্তৃপক্ষ।
তবে রসিকতার পাশাপাশি ক্রেতা ও বিক্রেতাদের সতর্ক থাকতে বলেছে নেসলে। নির্দিষ্ট ব্যাচ কোড দেখে কিটক্যাট কেনার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে চুরির মাল বাজারে ছড়িয়ে না পড়ে। এদিকে এই অদ্ভুত চুরির খবর চাউর হতেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যাচ্ছে। কেউ বলছেন চোরেরা হয়তো চকোলেটের পাহাড়ে ঘুমানোর স্বপ্ন পূরণ করল, কেউ আবার ভাবছেন এত চকোলেট দিয়ে শেষমেশ হবেটা কী। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত অপরাধীদের কোনো হদিশ মেলেনি।