পদ্মফুলে ভোট দিলেই ঘরে ঢুকবে কেউটে সাপ! বিজেপিকে চরম হুঁশিয়ারি অভিষেকের

পুরুলিয়ার জনসভা থেকে বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপিকে ভোট দেওয়া মানেই ‘খাল কেটে কুমির আনা’। সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেন, পদ্ম প্রতীকে বোতাম টিপলে বিপদ হিসেবে ঘরে ঢুকবে বিষধর সাপ। এদিন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক জানান, কেন্দ্র যদি বাংলার পাওনা গণ্ডা মিটিয়ে দেওয়ার প্রমাণ দিতে পারে, তবে তৃণমূল রাজ্যের ১৯১টি আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নেবে।
মোদী সরকারকে আক্রমণ করে তিনি বলেন, বিজেপি সরকার সাধারণ মানুষকে বারবার লাইনে দাঁড় করাতে ভালোবাসে। নোটবন্দি থেকে লকডাউন কিংবা রান্নার গ্যাস—সবক্ষেত্রেই সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। এপ্রিলের পর গ্যাসের দাম ২ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। পালটা তৃণমূলের ‘পাঁচ প্রতিজ্ঞা’র কথা মনে করিয়ে দিয়ে অভিষেক নিশ্চিত করেন, কেন্দ্র টাকা আটকে রাখলেও রাজ্য সরকারই সাধারণ মানুষের মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করবে এবং লক্ষ্মীর ভাণ্ডারসহ সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প আজীবন জারি থাকবে।