সিইও দপ্তরে ঢোকার মুখেই বিস্ফোরক অভিষেক, ফাঁস করলেন বিজেপির ‘ভোট চুরির’ চাঞ্চল্যকর তথ্য

পুরুলিয়ার জনসভা সেরে ফিরেই সোজা নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি দাবি করেন, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার এক গভীর ষড়যন্ত্র চলছে, যার নেপথ্যে রয়েছে বিজেপি। অভিযোগের আঙুল তুলেছেন নির্বাচন কমিশনের নীরবতার দিকেও।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘ফর্ম ৬’ ব্যবহার করে বিপুল সংখ্যক বহিরাগতদের নাম ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। তিনি স্পষ্ট জানান যে দিল্লির নির্দেশে পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে। সিইও দপ্তরে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ওদের চুরি ধরা পড়ে গিয়েছে। ভিডিও প্রমাণ আমাদের হাতে আছে। এভাবেই ওরা অন্য রাজ্যগুলোতে জয় হাসিল করেছে।”
তৃণমূল সাংসদ আরও অভিযোগ করেন, প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ার পর কমিশন নানা অছিলায় নাম নথিভুক্ত করার চেষ্টা করছে। বিশেষ করে দক্ষিণ কলকাতার জোকায় অবস্থিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউটে ট্রাইবুনাল বসিয়ে এই প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানা গেছে। অভিষেক প্রশ্ন তোলেন, কেন এমন সব মানুষের নাম তালিকায় আসছে যাঁদের সাথে বাংলার কোনও সম্পর্ক নেই। ভোটের পবিত্রতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় নির্বাচন কমিশনকে অবিলম্বে জবাব দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।