চিরতরে মুছে যাবে ইরানের তেলের খনি ও বিদ্যুৎ কেন্দ্র! ট্রাম্পের ভয়ঙ্কর হুঁশিয়ারিতে কাঁপছে দুনিয়া

হরমুজ প্রণালী অবিলম্বে উন্মুক্ত না করলে ইরানকে মানচিত্র থেকে কার্যত নিশ্চিহ্ন করে দেওয়ার চরম বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি স্পষ্ট জানান, দ্রুত চুক্তি না হলে ইরানের তেল খনি, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ সম্পূর্ণ ধ্বংস করে দেবে আমেরিকা। এমনকি এতদিন স্পর্শ না করা সুপেয় জলর প্ল্যান্টগুলোকেও হামলার লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন তিনি।
ট্রাম্পের দাবি অনুযায়ী আলোচনার কিছুটা অগ্রগতি হলেও ইরান সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। ওয়াশিংটনের প্রস্তাবকে ‘অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করে পালটা যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। এর মধ্যেই পারস্য উপসাগরে কয়েক হাজার মার্কিন মেরিন সেনা মোতায়েন করায় মধ্যপ্রাচ্যে চরম যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, হয় চুক্তি নয়তো ধ্বংস—ইরানের সামনে এখন আর কোনো তৃতীয় পথ খোলা নেই।