টিভি সেটের সামনে শুধুই অন্ধকার! বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে চরম দুঃসংবাদ

টিভি সেটের সামনে শুধুই অন্ধকার! বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে চরম দুঃসংবাদ

ঢাকা | ওপার বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য বড় ধাক্কা। মুস্তাফিজুরদের লড়াই এবার আর দেখা যাবে না বাংলাদেশের ড্রয়িং রুমে। ভারতের প্রধান সম্প্রচারকারী সংস্থা ‘জিয়োজ় স্টার’ সাফ জানিয়ে দিয়েছে, তারা বাংলাদেশের ‘টি স্পোর্টস’-এর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি মাঝপথেই ভেঙে দিচ্ছে।

কেন এই আকস্মিক সিদ্ধান্ত?

সূত্রের খবর, রাজনৈতিক কোনও কারণ নয়, বরং খাঁটি বাণিজ্যিক তিক্ততাই এর নেপথ্যে। জিয়োজ় স্টারের পক্ষ থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, বারবার বকেয়া টাকা মেটানোর ক্ষেত্রে গাফিলতি করেছে বাংলাদেশি চ্যানেলটি। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত হওয়া সেই চুক্তি আর্থিক লেনদেনের সমস্যার কারণেই বাতিল করা হলো।

সরকারের সবুজ সংকেত সত্ত্বেও নিরাশা

সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়ামন্ত্রী আমিনুল হক এবং তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন জানিয়েছিলেন, তাঁরা খেলার সঙ্গে রাজনীতি মেশাতে চান না। এমনকি আইপিএল সম্প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিতও মিলেছিল। কিন্তু সরকারের সেই সদিচ্ছায় জল ঢেলে দিল জিয়োজ় স্টারের এই কড়া পদক্ষেপ। ফলে আইপিএল শুরুর আগেই ওপার বাংলায় ক্রিকেট উৎসবের আমেজ ফিকে হয়ে গেল। এর আগে মেয়েদের আইপিএলের ক্ষেত্রেও একই পথে হেঁটেছিল ভারতীয় এই সংস্থাটি। এখন দেখার, শেষ মুহূর্তে বিকল্প কোনও পথে সম্প্রচার সম্ভব হয় কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *